কাউখালীতে নদীর পানি বৃদ্ধি ২২ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৩ জুলাই ২০১৩, ২১:০৮
উপজেলার সন্ধ্যা, কঁচা, কালিঙ্গা, চিরাপাড়া, গাবখান এ পাঁচটি নদীতে পূর্ণিমার প্রভাবে অতিরিক্ত জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার নদী তীরবর্তী প্রায় ২২টি গ্রাম প্লাবিত হয়। এছাড়া ব্যাপক ক্ষতি হয়েছে রবিশস্যের । জানা গেছে, গত ২দিন ধরে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি ৩/৪ ফুট বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী পাঙ্গাসীয়া, জোলাগাতি, সুবিদপুর, সোনাকুর, আশোয়া, বাশুরী, রঘুনাথপুর, ধাবরী, মেঘপাল, গন্ধর্ব, আমরাজুরি, গোপালপুর, জয়কুল, ডুমজুড়ি, কাউখালী দক্ষিণ বাজার, গুচ্ছগ্রাম, বেকুটিয়াও আমরাজরি ফেরিঘাটসহ উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের নিচু এলাকার ঘর-বাড়িতে পানি উঠায় পানি বন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। দু’দিনের অব্যাহত জোয়ারের পানিতে আতঙ্কিত হয়ে পড়েছেন এ এলাকার হাজার হাজার মত্স্যচাষী। এছাড়াও পানি বাড়ায় সাপের উপদ্রব দেখা দিয়েছে। উপজেলার বহু মাছের ঘের পানিতে তলিয়ে মাছ ভেসে গেছে বলে জানা গেছে।
পানিতে ডুবে শিশুর মৃত্যু
উপজেলার বিড়ালজুড়ি এলাকায় পানিতে ডুবে রিফাত নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রিফাত ওই এলাকার ইলিয়াসের ছেলে । পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যার দিকে রিফাত সবার অজান্তে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর ডোবা থেকে তাকে উদ্ধার করে কাউখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন।