ফেনীর কোয়ালিটি জুট মিলে অগ্নিকাণ্ড
প্রকাশ : ২৩ জুলাই ২০১৩, ২১:১১
আজ ভোর পৌনে ৪টার দিকে ফেনীর চাড়ীপুর বিসিক শিল্পনগরীর কোয়ালিটি জুট মিলে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে কারখানার ২টি ইউনিট সম্পূর্ণ পুড়ে যায়। মিলের শ্রমিকরা জানান, ভোর রাত সাড়ে ৩টার দিকে সেহরী খেয়ে ৩শ’ শ্রমিক মিলে কাজের জন্য প্রবেশ করে। যন্ত্রপাতি চালু হওয়ার আধা ঘণ্টা পরই একটি মেশিনে বিকট শব্দ হয়ে আগুন ধরে যায়। আওয়াজের সাথে সাথে শ্রমিকরা সবাই মিল থেকে বের হয়ে যায়। মিলে তৈরি জুট ও জুটের তৈরি সুতার মধ্যে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। ফেনী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করলে তারা ব্যর্থ হলে নোয়াখালী, চৌমুহনী, চৌদ্দগ্রাম, ফেনী, ছাগলনাইয়া, সোনাগাজীসহ মোট ৭টি ইউনিট সাড়ে ৪টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর জন্য চেষ্টা চালায়। বৃহত্তর নোয়াখালীর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, দ্রুত নেভানোর চেষ্টা চালিয়ে সকাল পৌনে ৯টার দিকে আমরা পুরো মিলের আগুন নিয়ন্ত্রণে আনি। মিল শ্রমিকদের ধারণা, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় ২০ কোটি টাকার উপরে হবে। কারণ ২টি ইউনিটের পাটের সুতা এবং মূল্যবান মেশিন ও যন্ত্রপাতির বেশিরভাগই পুড়ে গেছে। এক একটি মেশিনের দাম ১০ থেকে ১৫ লক্ষ টাকা বলে জানা গেছে।