থাইল্যান্ডে বাস-লরি সংঘর্ষে নিহত ১৯

থাইল্যান্ডে বাস ও লরির মধ্যে সংঘর্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ২০ জনেরও বেশি মানুষ। দেশটির সারাবুরি প্রদেশে মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে বলে বিবিসির এক খবরে বলা হয়েছে।—খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। পর্যটক বহনকারী দ্বিতল বাসটি ব্যাংকক থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় রিও এট এর দিকে যাচ্ছিল। পথে লরির সঙ্গে সংঘর্ষে প্রথমে বাসটিতে আগুন ধরে যায় এবং এরপর বিস্ফোরিত হয়। বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিল তা এখনো জানা সম্ভব হয়নি। তবে পুলিশি তদন্ত শুরু হয়েছে। আটক করা হয়েছে লরির চালককে। নিহতদের সবাই বাসের আরোহী বলে থাই সংবাদপত্র ‘দ্য নেশন’ জানিয়েছে। থাইল্যান্ডের স্থানীয় সময় ভোর ৫টায় একটি লরি যাত্রীবাহী বাসটিকে আঘাত করলে এই দুর্ঘটনাটি ঘটে বলে ‘দ্য ব্যাংকক পোস্ট’ জানিয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আশাভাথেপ জানথানারি বলেন, “বিপরীত লেন থেকে ট্রাকটি (লরি) এসে বাসটিকে আঘাত করে।” বাসের পেছনে থাকা একটি পিকআপ ট্রাকও এই সংঘর্ষে ছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।