কলম্বিয়ায় সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ২১
প্রকাশ : ২৩ জুলাই ২০১৩, ২১:২৬
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শনিবার বামপন্থী ফার্ক বিদ্রোহীদের সঙ্গে সরকারি সৈন্যদের সংঘর্ষে ৬ গেরিলা ও ১৫ সৈন্য নিহত হয়েছে। সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, এল ডোন্সেলো শহরের ক্যাকুইটা এলাকায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। এলাকাটি রেভোলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার দক্ষিণ শাখার ঘাঁটি হিসেবে পরিচিত। এই ঘটনায় তিন সৈন্য আহত ও দুই বিদ্রোহীকে আটক করা হয়েছে।
বিদ্রোহী সংগঠনটি যুক্তরাষ্ট্রের সাবেক এক সৈন্যকে আটকের ঘোষণা দেয়ার একদিন পর ঘটনাটি ঘটল। দেশটিতে অর্ধশত বছর ধরে বিদ্রোহীরা তত্পরতা চালিয়ে আসছে। বিদ্রোহীরা জানিয়েছিল, সংগঠনটি সরকারের সঙ্গে শান্তি আলোচনার বসতে ইচ্ছুক। তাই তারা ওই মার্কিন সৈন্যকে ছেড়ে দিতে রাজি আছে।
রেভোলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক) দেশটির বৃহত্তম গেরিলা সংগঠন। এর সদস্যসংখ্যা আট হাজার। গত নভেম্বর মাসে কিউবাতে বিদ্রোহী ও সরকারের মধ্যে আলোচনা শুরু হয়।