বছিলা গার্ডেন সিটিকে ৫০ লাখ টাকা জরিমানা

ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন গার্ডেন সিটি নামক একটি অননুমোদিত আবাসিক প্রকল্পকে বালু দিয়ে অবৈধভাবে নিম্নাঞ্চল (জলাশয়) ভরাট করার দায়ে পরিবেশ অধিদপ্তর প্রায় অর্ধ কোটি টাকা জরিমানা করেছে। সরেজমিনে এলাকাটি পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর মঙ্গলবার এই জরিমানা করেন। তাছাড়া, ভরাটকৃত নিম্নভূমি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য বছিলা গার্ডেন সিটির কর্তৃপক্ষকে নির্দেশ দেন। উল্লেখ্য, ঢাকা মহানগরীতে জমির দাম বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি বেশ কিছু ভূমিদস্যু, আবাসিক ব্যবসায়ী ঢাকা শহরের আশপাশের নিম্নাঞ্চল যা বর্ষাকালে প্রাকৃতিক জলাধার হিসেবে কাজ করে এবং পানি নিষ্কাশনে ব্যবহূত হয়, তা ভরাট করে আবাসন হিসেবে গড়ে তুলছে। রাজউক প্রণীত ড্যাপ এর আওতাভুক্ত উক্ত নিম্নাঞ্চলে কোন ধরনের জলাশয় ভরাট বা স্থায়ী নির্মাণ কাজের উপর নিষেধাজ্ঞা থাকলেও আবাসন ব্যবসায়ীরা বা ভূমি দস্যুরা তা মানছে না। তারা নদীর তলদেশ হতে ড্রেজিং এর মাধ্যমে বালি উত্তোলন করে নিম্নাঞ্চল (জলাধার, খালবিল ও ডোবা) ভরাট করছে। ফলে সামান্য বৃষ্টিতে ঢাকা শহরের অনেক জায়গা বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তর-এ অনাচার রোধে বছিলা গার্ডেন সিটিকে তলব করে শুনানি গ্রহণ শেষে পরিবেশের ক্ষতিসাধনের দায়ে অর্ধ কোটি টাকা জরিমানা করে এবং তাদের ভরাটকৃত জায়গাটির বালি সরিয়ে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য নির্দেশ প্রদান করে। শুনানিতে অংশগ্রহণকারী বর্ণিত প্রতিষ্ঠানের উপস্থিতিতে মালিক তার অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।