পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার

রাজধানীর ভাটারা থানায় শিবির কর্মীদের হাতে ছিনতাই হওয়া পুলিশের পিস্তলটি গতকাল পুলিশ উদ্ধার করেছে। গ্রেফতারকৃত একজন জামায়াত কর্মী ও ৬ জন শিবির কর্মীর দেয়া তথ্য নিয়েই পুলিশ এই পিস্তল উদ্ধার করেছে। গত ১৫ জুলাই শাহাজাদপুর এলাকা থেকে ডিউটি করার সময় শিবির কর্মীরা পুলিশের সাব-ইন্সপেক্টর আমিনুল ইসলামকে পিটিয়ে তার ৮ রাউন্ড গুলি ভর্তি পিস্তলটি ছিনিয়ে নেয়। ভাটারা থানার ওসি সৈয়দ জিয়াউজ্জামান জানান, পিস্তল ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন হিসাবে একজন জামায়াত কর্মী ও ৬ জন শিবির কর্মীকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী গতকাল মঙ্গলবার বেলা ২টায় পুলিশ ও গোয়েন্দা বাহিনীর এক যৌথ অভিযানে বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকের একটি ফাঁকা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।