প্রধানমন্ত্রী ৩১ জুলাই রংপুর যাচ্ছেন

আগামী ৩১ জুলাই সপরিবারে পীরগঞ্জ উপজেলা আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐদিন সকাল ১০টায় হেলিকপ্টারে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা হোসেন পুতুলও সঙ্গে থাকবেন বলে জানা গেছে। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টায় রংপুর-দিনাজপুরবাসীর প্রাণের দাবি কাঁচদহঘাটে করতোয়া নদীর উপর ড. ওয়াজেদ মিয়া সেতুর উদ্বোধন ও সেতুর পাশে পথসভায় বক্তব্য রাখবেন। সেতু উদ্বোধন শেষে পীরগঞ্জে এসে উপজেলা প্রশাসনিক ভবন ও মেরিন একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন, পৌরসভার নামফলক উন্মোচন, ন্যাশনাল সার্ভিসের সনদ বিতরণ, চককরিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াজেদ মিয়া ভবনের উদ্বোধন করবেন। দুপুরে প্রধানমন্ত্রী লালদীঘির ফতেহপুরে অবস্থান করবেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বামী প্রয়াত বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত ও দোয়া মাহফিলে যোগ দিবেন। বিকাল ৩টায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দিবেন।