জমি নিয়ে বিরোধ
গোপালগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৯
প্রকাশ : ২৩ জুলাই ২০১৩, ২১:৫০
জেলার চরমানিকদহ গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দফায় দফায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে শিশুসহ ১৯ জন আহত হয়েছে। সোমবার গোপালগঞ্জ শহরতলীর চরমানিকদহ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ওই গ্রামের সাফায়েত মোল্লা ও নুরু মোল্লার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার দু’গ্রুপের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। এতে শিশুসহ ২ জন গুলিবিদ্ধ হয়। পরে দ্বিতীয় দফায় সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আরো ১৭ জন আহত হয়।
ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড
গোপালগঞ্জে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে রমজান আলী (১৮) নামে এক বখাটে যুবককে দুই মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক বদরুল আলম এ রায় দেন। গোপালগঞ্জ সদর থানার ওসি জানান, শহরের সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের এক ছাত্রীকে রমজান শেখ মনি উত্ত্যক্ত করলে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে।