সাফ অনূর্ধ্ব ১৬ ফুটবল
সেমিফাইনালে বাংলাদেশ
প্রকাশ : ২৩ জুলাই ২০১৩, ২২:০৫
বাংলাদেশের ছেলেরা নেপালে অনুষ্ঠানরত সাফ অনূর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম খেলাতে জিতেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। টুটুলের দুই গোলে গতকাল মঙ্গলবার নেপালের কাঠমান্ডুতে আর্মি গ্রাউন্ডে শ্রীলংকাকে ৩-১ ব্যবধানে হারিয়ে শেষ চারে নাম লেখায় বাংলাদেশ দল। বাংলাদেশের পক্ষে টুটুলের পাশাপাশি অপর গোলটি করেন তরিকুল ইসলাম।
আগামীকাল বৃহস্পতিবার একই ভেন্যুতে গ্রুপের অপর দল গেলবারের ফাইনালিস্ট ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব ১৬ প্রতিযোগিতার প্রথম আসরেও বাংলাদেশের ছেলেরা তাদের শ্রীলংকান প্রতিপক্ষকে অনায়াসে হারিয়েছিল। সেবার জয়ের ব্যবধান ছিল ৬-২।
নেপালের স্থানীয় সময় বিকাল চারটায় আর্মি গ্রাউন্ডে শুরু হয় দু’দলের এ খেলাটি। আগের ম্যাচ ভারতের কাছে ৪-১ গোলে হেরে যাওয়ায় চাপে থেকেই খেলতে নামে লঙ্কান খেলোয়াড়রা। অপরদিকে বাংলাদেশের জন্য এটি প্রথম ম্যাচ হওয়ায় অতটা চাপ ছিল না। খেলা শুরুর পরই মাঠের দখল নেয় বাংলাদেশের কিশোররা। ২৮ মিনিটে টুটুলের ফ্রিকিকে পাওয়া গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
লংকানরা ৪১ মিনিটে ব্যবধান সমান করার সুযোগ পেয়েছিল। কিন্তু শ্রীলংকার খেলোয়াড় শচিন্ত সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হলেও দুই মিনিট পরই খেলায় সমতায় আনে শ্রীলংকা। প্রতিপক্ষের খেলোয়াড় নীরেষের দূরপাল্লার শট জড়ায় বাংলাদেশের জালে (১-১)। প্রথমার্ধে আর কোন গোল হয়নি। বিরতির পর ফিরে এসে শ্রীলংকাকে চেপে ধরে বাংলাদেশ।
এবার টুটুলের হেডে দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। তখন খেলার ৫৭ মিনিট । টুটুলের দর্শনীয় হেডে বল জড়ায় শ্রীলংকার জালে (২-১)। এরপর দীর্ঘ সময় গোল না পেলেও মাঠে আধিপত্য বজায় রাখে লাল-সবুজের দলটিই। তারই সুবাদে ৮১ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় বাংলাদেশ দল। তরিকুল ইসলামের বাম পায়ের দর্শনীয় শটটি আটকে দিতে ব্যর্থ হন শ্রীলংকার গোলরক্ষক (৩-১)। পরের মিনিটগুলোতে দু’দলের কেউই আর গোল পায়নি। ফলে তিন দলের বি গ্রুপ থেকে বাংলাদেশ সেমিফাইনালে নাম লেখালেও টানা দুই হারে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয় শ্রীলংকাকে।