তাজউদ্দীন আহমদের ৮৮তম জন্মবার্ষিকী পালন
প্রকাশ : ২৩ জুলাই ২০১৩, ২২:৫৬
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে স্মরণ, আলোচনা সভা, চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৮৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ১৯২৫ সালের ২৩ জুলাই গাজীপুর জেলার কাপাসিয়া থানার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তাজউদ্দিন আহমদ।
দিবসটি পালনে ধানমন্ডিস্থ গ্যালারি ’২১ প্রাঙ্গণে বেলা ১১টায় মুজিবনগর সরকার তথা মহান মুক্তিযুদ্ধের দুর্লভ ও দুষ্প্রাপ্য চিত্রসমূহের (যা ইতিপূর্বে প্রদর্শিত হয়নি) এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক মুক্তিযোদ্ধা ড. আনিসুজ্জামান এ প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীটি আগামী ৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। দুপুরে রাজধানীর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে স্মরণ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। বিকালে মুক্তিভবনে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ এক আলোচনা সভার আয়োজন করে।