‘পিএস অস্ট্রিচ’ হঠাত্ বিকল পিরোজপুরের কচা নদীতে

গতকাল মঙ্গলবার দুপুরে পিরোজপুরের কচা নদীতে বিআইডব্লিউটিসির রকেট স্টিমার ‘পিএস অষ্ট্রিচ’ হঠাত্ বিকল হয়ে যায়। এ সময় দক্ষিণাঞ্চলগামী কয়েক যাত্রী মারাত্মক সমস্যায় পড়ে যান। সোমবার বিকালে ‘পিএস অষ্ট্রিচ’ কয়েকশ’ যাত্রী নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জের উদ্দেশে যাত্রা করে। বেলা ১১টার দিকে ভান্ডারিয়ার চরখালী ঘাটে নোঙ্গর করে লোক নামিয়ে সর্বশেষ ঘাট মোরেলগঞ্জের উদ্দেশে রওয়ানা হয়। স্টিমারটি চরখালী ঘাট থেকে আনুমানিক ৫ কিলোমিটার দূরত্বে তেলিখালী নামক স্থানে গেলে হঠাত্ করে পাখার সেভ ভেঙ্গে নদীতে পড়ে গেলে স্টিমারটি বন্ধ হয়ে যায়। যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। তারা নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য নদী ও সড়কপথে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অষ্ট্রিচ তেলিখালী মাঝনদীতে নোঙ্গর করে ছিল। চরখালী রকেটঘাট সূত্রে জানা গেছে, সেভ ভাঙ্গার কারণে মেরামত করতে ঢাকায় নেয়া হবে।