মোদিকে যুক্তরাষ্ট্রের ভিসা দেবেন না

ভারতের গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে যুক্তরাষ্ট্রের ভিসা না দিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের ৬৫ জন এমপি। ওবামার কাছে লেখা এক চিঠিতে তারা মোদিকে যুক্তরাষ্ট্রের ভিসা দেয়ার আবেদন প্রত্যাখ্যানের নীতি বহাল রাখার আহ্বান জানান। ভারতের ১২টি দলের রাজ্যসভার ২৫ জন সদস্য ও লোকসভার ৪০ জন সদস্য এ চিঠিতে স্বাক্ষর করেন। ভারতের প্রধান বিরোধী দল বিজেপির প্রেসিডেন্ট রাজনাথ সিং গুজরাটের মুখ্যমন্ত্রী মোদির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ভিসা প্রদানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা করছেন। রাজনাথ এখন ওয়াশিংটনে আছেন। তিনি মার্কিন আইনপ্রণেতা, নীতি-নির্ধারক ও শীর্ষ কর্মকর্তাদের সাথে দেখা করবেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। ২০১২ সালের ২৬ নভেম্বর ও ৫ ডিসেম্বর লেখা চিঠি গত রবিবার আবার হোয়াইট হাউসে ফ্যাক্স করা হয়। চিঠির কপি ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিলের কাছেও দেয়া হয়েছে। ২০০২ সালে ভয়াবহ গুজরাট দাঙ্গার পর মোদিকে যুক্তরাষ্ট্রের ভিসা প্রদানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেই দাঙ্গায় যারা মারা যায় তাদের প্রায় সবাই সংখ্যালঘু মুসলমান। মোদি তখনো গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন।