পানির দাবিতে চট্টগ্রামে ওয়াসা ভবন ঘেরাও

পানি সংকট নিরসনের দাবিতে চট্টগ্রাম ওয়াসা ভবন ঘেরাও করেছে নগরীর লালখান বাজারের মতিঝর্না এলাকার বাসিন্দারা। গতকাল মঙ্গলবার ওয়াসা ভবনের সামনে কয়েকশ’ নারী-পুরুষ খালি কলসি হাতে নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা অভিযোগ করেন, এলাকায় ওয়াসার লাইন থাকা সত্ত্বেও গত ৩/৪ দিন ধরে পানি সরবরাহ নেই। রমজানে পানির জন্য নিত্যপ্রয়োজনীয় কাজকর্ম কিছুই করা যাচ্ছে না। এ ব্যাপারে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মো. আবদুল করিম জানান, ওই এলাকায় পানির লাইনের সংযোগসহ সব কিছুই ঠিক আছে। তবে পাহাড়ের উপরে অবৈধ সংযোগগুলোতে হয়তো পানি নেই। পাহাড়ে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের এ সংযোগ চট্টগ্রাম ওয়াসার আওতাভুক্ত নয় বলে তিনি জানান।