সোনালী ব্যাংকের ডিএমডি গ্রেফতার
প্রকাশ : ২৩ জুলাই ২০১৩, ২৩:২৮
হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আতিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর শান্তিনগরের ‘আল আমিন টাওয়ারে’ নিজের ফ্লাট থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে নেয়া হয় দুদক কার্যালয়ে। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় তাকে পল্টন থানা হেফাজতে রাখা হয়েছে। আজ তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানানো হবে বলে দুদক কর্মকর্তারা জানিয়েছেন।
উল্লেখ্য, সোনালী ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে ‘রূপসী বাংলা’ হোটেল শাখা থেকে হলমার্ক মোট ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দায়েরকৃত মামলাগুলোর অন্যতম আসামি আতিকুর রহমান।
পল্টন থানার এসআই আবু জাফর ইত্তেফাককে বলেন, দুদকের অনুরোধে পুলিশ তাকে গ্রেফতার করে দুদকের কাছে হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আবার থানায় রাখা হয়েছে। আজ দুদক কর্মকর্তারা এসে তাকে নিয়ে যাবেন। দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আতিকুরকে পল্টন থানায় রাখা হয়েছে। ২০১২ সালের ৪ অক্টোবর হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলাম, মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমেদ ও সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক ও ডিজিএম (সাময়িক বরখাস্ত) এ কে এম আজিজুর রহমানকে আসামি করে ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করে দুদক। ২৭ জনের মধ্যে আতিকুর রহমানও দুদকের মামলার আসামি। দুদকের মামলার পর গত ৪ সেপ্টেম্বর সরকারি এক প্রজ্ঞাপনে সোনালী ব্যাংকের এই কর্মকর্তা ওএসডি হন।