সামাজিক ব্যবসা প্রসারে ড. ইউনূসের সঙ্গে ইউএসএআইডির চুক্তি সই
প্রকাশ : ২৩ জুলাই ২০১৩, ২৩:৩০
বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক ব্যবসা সম্প্রসারণে কাজ করবে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট (ইউএসএআইডি)। সংস্থাটি ড. ইউনূসের সামাজিক ব্যবসা সংগঠন ইউনূস স্যোসাল বিজনেসের (ওয়াইএসবি) সঙ্গে যৌথভাবে কাজ করবে। এ বিষযে দুই সংস্থার মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস ও ইউএসএআইডির ব্যবস্থাপক ড. রাজ শাহ স্বাক্ষর করেন। গত ২২ জুলাই ওয়াশিংটনে এ চুক্তি সই হয়েছে বলে জানিয়েছে ইউনূস সেন্টার।
সমঝোতা অনুযায়ী বিশ্ব দারিদ্র্য বিমোচনে সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা বাজারভিত্তিক সমাধানে যৌথভাবে ইউনূসের সঙ্গে কাজ করবে ইউএসএআইডি। এছাড়াও সামাজিক ব্যবসার উন্নয়নে উদ্যোক্তা সৃষ্টি করতে কাজ করবে। এর মাধ্যমে বিশ্বের সুবিধা বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নেও যৌথ প্রচেষ্টা চালিয়ে যাবে।
বিশ্বের দেশে দেশে সামাজিক ব্যবসা এগিয়ে নিতে ফাঙ্কফুর্টে ওয়াইএসবির প্রধান কার্যক্রম থেকে অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সামাজিক ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ সামাজিক ও পরিবেশগত উন্নয়ন। কিন্তু নিয়োজিত ব্যবসা মডেল তাদের নিজের রাজস্ব এবং অর্থনৈতিকভাবে টেকসই করছে। উন্নয়নশীল দেশগুলোর জন্য সামাজিক ব্যবসার তহবিল গঠনেও ইউএসএআইডি ও ওয়াইএসবি যৌথ সহযোগিতা কার্যক্রম চালিয়ে যাবে।