অস্ট্রেলিয়ার চ্যানেলে সাভার ট্র্যাজেডি তথ্যচিত্র নিয়ে কুমিল্লার রহমতউল্লাহ

মর্মান্তিক সাভার ট্রাজেডি নিয়ে ডকুমেন্টরি নির্মাণ করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার টিভি এস চ্যানেল। বাঙালি এই কমিউনিটি চ্যানেলটি ছয় বছর ধরে নিরলস পরিশ্রম করে যাচ্ছে প্রবাসী বাঙালিদের বিশেষ করে অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা বাঙালি বংশোদ্ভূতদের দেশীয় সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আর এর মূল উদ্যোক্তা হচ্ছেন কুমিল্লা মুরাদনগরের ছেলে রহমতউল্লাহ। ২৫ বছর ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করা রহমতউল্লাহ দেশের বিভিন্ন দুর্যোগকালে তার আর্থিক সহযোগিতার হাত প্রসারিত করেছেন। সিডনি বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞানে পড়াশোনা করলেও মিডিয়া তাকে বারবার টেনে এনেছে। তাই সবকিছু ছেড়ে চার্লস স্টুয়ার্ট ইফনিভারসিটিতে ভর্তি হলেন ফিল্ম অ্যান্ড মিডিয়ায়। এ বছরেই ডিগ্রি প্রাপ্ত হবেন তিনি। গত ১০ জুলাই রহমতউল্লাহ বাংলাদেশে এসেছেন অস্ট্রেলিয়ার টিভি এস-এর প্রোগ্রাম প্রডিউসার হয়ে। উদ্দেশ্য সাভার ডিজাস্টার নিয়ে বিশেষ ডকুমেন্টরি নির্মাণ করার। সঙ্গে এসেছেন এস টিভির রিপোর্টার রেনেসা সাবরিন এ্যানি। এই ডকুমেন্টরিটি টিভি এস-এর বিদেশ বাংলা প্রোগ্রামে প্রচারিত হবে। একই সময়ে তিনি অস্ট্রেলিয়া প্রবাসী আকিদুল ইসলামের রচনায় ও লিটু করিমের পরিচালনায় ‘যৈবতী কইন্যা’ নাটকের একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। ধারাবাহিক এই নাটকটি ঈদের পর থেকে আরটিভিতে প্রচার হবে। টিভি এস ও সাভার ট্রাজেডি নিয়ে ডকুমেন্টরি নির্মাণ প্রসঙ্গে রহমতউল্লাহ বলেন, ‘এখানে সবাই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে। কাউকে তেমন একটা সম্মানী দেওয়া সম্ভব হয় না। তারপরও তারা নিজেদের সংস্কৃতির ভালোবাসার টানে কাজ করে যাচ্ছে। প্রথমদিকে আমাদের বহু সমস্যা সম্মুখীন হতে হয়েছে, এখন আমরা অনেকটাই গুছিয়ে ওঠেছি। সাভার ট্রাজেডি নিয়ে ডকুমেন্টরিটি নির্মাণের পর খুব শীঘ্রই তা টিভি এস-এ প্রচারিত হবে এবং আমরা প্রবাসী বাঙালিদের কাছে উদ্যাত আহ্বান জানাব, যাতে তারা অসহায় এই শ্রমিকদের আর্থিক সহযোগিতায় এগিয়ে আসে।’ উল্লেখ্য, রহমতউল্লাহ এর আগে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুর্যোগ ত্রাণ ব্যবস্থাপনা নামে একটি সংগঠনের চেয়ারম্যান হিসেবে রামপাল উপজেলা কাঁকড়া বুনিয়া গ্রামে নির্মাণ করা সাইক্লোন সেন্টারের উদ্বোধন করেন এবং সেখানে ৪০ লাখ টাকা অনুদান দিয়েছেন।