১৮ বছর ধরে চলছে ভূমিহীন সাংস্কৃতিক দলের কার্যক্রম
সোহেল হাবিব, কুমারখালি সংবাদদাতা, কুষ্টিয়া
প্রকাশ : ২৪ জুলাই ২০১৩, ১৯:৫৫
বিশেষ দিবসে ভূমিহীন সাংস্কৃতিক দলের নানা কার্যক্রম যেন রুটিনে পরিণত হয়েছে। নারী ও মানবাধিকার প্রতিষ্ঠা, সমাজের নানাবিধ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ নাটক গান, শিশু কিশোরদের উদ্বুদ্ধকরণে হরেকরকম কার্যক্রম কুষ্টিয়ার কুমারখালিতে পরিচালনা করে আসছে ভূমিহীন সাংস্কৃতিক দল। ১৯৯৫ সালে শহরতলী আগ্রকুণ্ডা গ্রামে গড়ে ওঠে আগ্রাকুণ্ডা ভূমিহীন সাংস্কৃতিক দল। এরপর ২০০০ সালে গড়ে ওঠে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল গ্রামে চড়াইকোল ভূমিহীন সাংস্কৃতিক দল। সর্বশেষ ২০০৩ সালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে গড়ে ওঠে বেতবাড়িয় ভূমিহীন সাংস্কৃতিক দল। নারীসহ প্রতিটি দলে ১৩ জন করে মোট ৩৯ জন সদস্য তিনটি ভূমিহীন সাংস্কৃতিক দল পরিচালনা করছেন। পদযাত্রা, গণসংগীত, লালন গানের আসর, নারীর পূর্ণ অধিকার আদায়ে পটগান, চলমান নানা ধরনের অনিয়মের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধভিত্তিক, তথ্য অধিকার বিষয়ক নাটক মঞ্চস্থ ও গণসংগীত পরিবেশন করে থাকে সংগঠনটি।
ভূমিহীন সাংস্কৃতিক দলের সার্বিক সহযোগিতা সংগঠন নিজেরা করি’র অঞ্চল সভাপতি শিখা সাহা জানান, দীর্ঘ আঠারো বছর ধরে ধারাবাহিকভাবে ভূমিহীন সাংস্কৃতিক দল কুমারখালির তৃণমূলের মানুষকে সচেতন করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।