বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সংগীতানুষ্ঠান
হুমায়ূন কবির হিমু, মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ২৪ জুলাই ২০১৩, ১৯:৫৬
গত জুলাই কুষ্টিয়া মিরপুর উপজেলাস্থ বিজিবি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও ৩২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল কাজী আরমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল ফরিদ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান লেলিন, ৩২ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর তারেক, মেজর আনিছ, মেজর লুত্ফুল কবির, মেজর নাহিদুজ্জামান, মিরপুর পৌরসভার মেয়র হাজী এনামুল হক, রশিদ অ্যাগ্রো ফুড লি.-এর স্বত্বাধিকারী আব্দুর রশিদ, দিশা সংস্থার পরিচালক রবিউল হক, বিআরবি কেবলস্ ইন্ড্রা. লি.-এর এজিএম শামসুজ্জামান ও প্রবীণ শিক্ষাগুরু বাবু সন্তোষ কুমার দে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সর্দার মহাম্মদ আবু সালেক প্রমুখ। একাদশ শ্রেণীর শিক্ষার্থী গালিব ও হাবিবার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ রবিউল হক। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পর্বে বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এ্যানী, বর্ডার গার্ড পাবলিক হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শম্পা নাচ এবং ৭ম শ্রেণীর শিক্ষার্থী মৌমিতা ও নবম শ্রেণীর শিক্ষার্থী বর্ষা গান পরিবেশন করে। নবীনবরণ অনুষ্ঠানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও রশিদ এগ্রো ফুড লি.-এর পক্ষ থেকে কলেজের সার্বিক উন্নয়নে নগদ ১ লক্ষ টাকা অনুদান হিসেবে প্রদান করে।