জামাই দাওয়াত

গ্রামের বাড়িতে জামাইদেরকে দাওয়াত দিয়ে যে ধরনের ঘটনা ঘটে সেইসব ঘটনাকেই হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে এই নাটকে। নাটকে বুলবুলি চরিত্রে অভিনয় করেছেন শাহনাজ খুশী, তোতা চরিত্রে তাজিন আহমেদ এবং টিয়া চরিত্রে অভিনয় করেছেন হোমায়রা হিমু। নাটকে তাদের বিপরীতে যথাক্রমে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আমিন আজাদ ও বৃন্দাবন দাস। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শাহনাজ খুশী বলেন, ‘নাটকটির গল্প খুবই মজার। মধ্যবিত্ত পরিবারের সমস্যা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দর্শকের কাছে নাটকটি বেশ উপভোগ্য হবে বলেই আমি মনে করছি।’ তাজিন আহমেদ বলেন, ‘আরণ্যকের সবার সাথে এর আগে মামুন ভাইয়ের ‘সবুজ অপেরা’ নাটকে অভিনয় করেছিলাম। দীর্ঘদিন পর আবারও আরণ্যক পরিবারের সাথে কাজ করলাম। নাটকটিতে অসম্ভব সুন্দর সংলাপ আছে। প্রত্যেকেই এত ভালো অভিনয় করেছেন যে, দর্শক নাটকটি দেখবেন এটা আমার আত্মবিশ্বাস।’ হিমু বলেন, ‘নাটকটির শুটিংয়ের সময় মনে হয়েছে ঈদের খুশিতে আছি আমরা। অনেক মজা করতে করতে শুটিং করেছি আমরা। আর আমি যেহেতু সবার ছোট ছিলাম সবাই আমাকে খুব স্নেহ করতেন। আমার সৌভাগ্য যে আরণ্যক পরিবারের বাইরে একমাত্র আমিই নাটকটিতে অভিনয় করতে পেরেছি।’ নাটকের পরিচালক আমিন আজাদ বলেন, ‘এর গল্পের পটভূমি সবকিছুই করা হয়েছে জীবনঘনিষ্ঠ করে। যা নিঃসন্দেহে একটা আলাদা অনুভূতির জন্ম দেবে দর্শকদের মাঝে।’ উল্লেখ্য ‘জামাই দাওয়াত’ নাটকটি আসছে ঈদে এটিএন বাংলায় প্রচার হবে।