অ্যালবাম
প্রকাশ : ২৪ জুলাই ২০১৩, ২০:০৩
প্রাণ কোকিলা
মরমি কণ্ঠশিল্পী আবদুল আলীমের গান নিয়ে অ্যালবাম করেছেন তার তিন সন্তান—জহির আলীম, জোহরা আলীম ও আসিয়া আলীম। নাম ‘প্রাণ কোকিলা’। জহির আলীম বললেন, ‘বাবার গাওয়া গানগুলো এখন হারিয়ে যাচ্ছে। বিচ্ছিন্নভাবে কেউ কেউ চর্চা করছেন। কিন্তু তা আবার সুর বিকৃতি করে গাওয়া হচ্ছে। বাবা প্রায় ৫০০ গান করেছিলেন। সেগুলো কিন্তু এ দেশের বড় সম্পদ। গানের মধ্য দিয়ে বাবার স্মৃতিকে ধরে রাখার জন্যই আমরা গানগুলো করেছি। আর গানগুলোর সঙ্গে বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে বাঁশি, দোতারা, বেহালা, তবলা। পাশ্চাত্যের কোনো বাদ্যযন্ত্র এখানে রাখা হয়নি।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তান রেডিও ও টিভিতে বাবার অনেক গান আছে। সেগুলো সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে আনার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসেও বাবার অনেক গান আছে। বাবার এসব গান সংগ্রহ করে আমরা একটা আর্কাইভ করব।’ এবারের অ্যালবামটি প্রকাশ করেছে সানফ্লাওয়ার মিউজিক।
বহুদিন আকাশ দেখিনি
স্কুলে ভর্তি হওয়ার আগ থেকেই গান শেখা প্রপার। আর কাছের মানুষদের ভালোবাসাকে সঙ্গী করেই তিনি বের করেছেন তার প্রথম একক অ্যালবাম ‘বহুদিন আকাশ দেখিনি’। মূলত স্থপতি হলেও গানের প্রতি প্রপার আবেগ ভালোবাসার কমতি নেই এতটুকুও। সুজিত মুস্তাফার কাছ থেকে দীর্ঘদিন তালিম নেন এই শিল্পী। অ্যালবামের গানগুলোর মধ্যে রয়েছে ‘বহুদিন আকাশ দেখিনি’, ‘শ্রাবণ এল বুঝি’, ‘জানি না কেন চলে গেলে’, ‘আমায় বুঝিয়ে দাও’, ‘নীরব চোখে’, ‘যে ব্যথা না বলা’, ‘হালকা হাওয়া’। প্রতিটি গানই মৌলিক এবং শিল্পীর স্বকীয়তার ছোঁয়া রয়েছে। গানগুলোর সংগীত আয়োজন করেছেন সানি সাকি। সম্প্রতি লেজার ভিশনের ব্যানারে বাজারে এসেছে অ্যালবামটি।