খোঁজখবর
প্রকাশ : ২৪ জুলাই ২০১৩, ২০:০৩
নূরের প্রেমিকা
দর্শকনন্দিত অভিনেতা আসাদুজ্জামান নূরের সাথে অভিনয় করার সুযোগটিকে নিজের জীবনের অনেক বড় একটি অর্জন বলেই মনে করছেন জনপ্রিয় লাক্সতারকা মেহজাবিন। ইকবাল হোসাইন চৌধুরী রচিত ও রেদোয়ান রনি পরিচালিত সাত পর্বের ধারাবাহিক নাটক ‘বাঘ বন্দী’ নাটকে আসাদুজ্জামান নূরের প্রেমিকা চরিত্রে অভিনয় করছেন মেহজাবিন। আসাদুজ্জামান নূর বলেন, ‘গল্পটি অসাধারণ। লোভ সামলাতে পারিনি বলেই কাজটি করছি। মেহজাবিনও ভালো অভিনয় করছে।’ মেহজাবিন বলেন, ‘নূর স্যারের সাথে অভিনয় করার সুযোগ পাব এটা কখনোই ভাবিনি। রনি ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাকে সে সুযোগ করে দিয়েছেন।’ পরিচালক জানান ধারাবাহিক এই নাটকটি দেশ টিভিতে ঈদের দিন থেকে সাত দিন পর্যন্ত প্রচার হবে।
এবার অভিনয়ে
সংগীতে পেশাগতভাবে আলিফ আলাউদ্দীনের পদচারণা এক যুগেরও বেশি সময় ধরে। দীর্ঘ এই সময়ে আলিফ কখনোই তিনি নাটকে অভিনয়ে সম্মত হননি। তবে এবার আলিফ আলাউদ্দীন নাটকে অভিনয় করছেন। প্রভাত আহমেদের রচনা ও জামাল মল্লিকের পরিচালনায় ‘বাঁশিওয়ালা’ নাটকে আলিফের অভিনয় করার বিষয়টি গত রবিবার চূড়ান্ত হয়েছে। আলিফ বলেন, ‘পরিচালক জামাল মল্লিক আমাকে তার ‘বাঁশিওয়ালা’ নাটকটির গল্প এত চমত্কারভাবে বিশেষ করে আমার চরিত্রটি এমনভাবে উপস্থাপন করেছেন যে আমার না করার তেমন কোনো সুযোগই ছিল না। বাস্তবে আমি যা নাটকেও ঠিক সেই চরিত্রেই অভিনয় করব।’ এই নাটকে আলিফ একজন গায়িকার ভূমিকাতেই অভিনয় করবেন। তার বিপরীতে অভিনয় করবেন আগুন।
পার্টি গার্ল
আসছে ঈদের জন্য সমসাময়িক ঘটনা নিয়ে নাট্যপরিচালক আনোয়ার হোসেন নির্মাণ করেছেন ‘নীল আকাশে কালো মেঘ’। এতে পার্টি গার্ল চরিত্রে অভিনয় করেছেন রাইমা ইসলাম শিমু। নাটকের গল্পে দেখা যাবে, রাজধানীতে আমাদের বসবাস সেখানে প্রতিদিন নানা বিচিত্র ঘটনা ঘটছে। এসব ঘটনা কারও জন্য যন্ত্রণার হলেও অনেকের হূদয় ছুঁয়ে যাওয়ার ঘটনাও কম ঘটনা নয়। এ নাটকটিতে পরিচালক এমন একটি ঘটনার অবতারণা করেছেন। নাটকের নায়িকার চরিত্রটি একটি পার্টি গার্লের। আর নায়ক একজন সাংবাদিক। তার ওপর দায়িত্ব পড়ে পার্টি গার্লের জীবনী নিয়ে রিপোর্ট করার। এই সূত্রে নায়িকার সাথে পরিচয় হয় নায়কের। শেষের দিকে নানা দোটানায় শেষ হয় নাটকের কাহিনী। নাটকটি লিখেছেন বনি চৌধুরী। নাটকটিতে নায়কের চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শতাব্দী ওয়াদুদ, মিশু চৌধুরীসহ আরও অনেকে। নাটকটি ঈদে এটিএন বাংলায় প্রচার করা হবে।
পঙ্গু চরিত্রে
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তিশা এই প্রথম পঙ্গু চরিত্রে অভিনয় করলেন। ‘এলোমেলো শব্দের জলসিঁড়ি’ নামের এ নাটকটিতে তাকে প্রকৃতি চরিত্রে দর্শকরা দেখতে পাবেন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। তিশার বিপরীতে অভিনয় করেছেন মোশাররফ করিম। নাটকে দেখা যাবে, প্রকৃতি নাম করা অনুষ্ঠান উপস্থাপিকা। রেহান, প্রকৃতির একজন পাগল ভক্ত। একদিন মায়ের উত্সাহে প্রিয় উপস্থাপিকার সাথে দেখা করতে টিভি সেন্টারে যায়। অনেক চেষ্টার পর দেখা পায় প্রকৃতির। প্রকৃতি অবাক হয়ে যায় রেহান ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে আছে দেখে। প্রকৃতি স্বাভাবিকভাবে রেহানের কাছে যায়। প্রকৃতি খুলে বলে সবকিছু। তখন রেহান জানায় ‘পৃথিবীর সুন্দর দৃশ্য তোমার এই হেঁটে আসা। এই দৃশ্য আমি বারবার দেখতে চাই।’ নাটকটি ঈদে আরটিভিতে প্রচার হবে।
ইমরান-পড়শীর কণ্ঠে হিন্দি ভাষার গান
এই প্রজন্মের দুই গায়ক-গায়িকা ইমরান ও পড়শী। হিন্দি ভাষায় একটি গানে কণ্ঠ দিলেন তারা। আসছে ঈদে প্রকাশিতব্য পড়শীর তৃতীয় একক ‘পড়শী-থ্রি’তে থাকছে এ গানটি। গানটির কথা লিখেছেন খোদ মুম্বাইয়ের গীতিকার জোনায়েদ ওয়াসি। সম্প্রতি ইমরানের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। এ প্রসঙ্গে পড়শী বলেন, ‘নিজ ভাষার পাশাপাশি অন্য ভাষাতেও গান করার ইচ্ছা ছিল আগ থেকেই। মুম্বাইয়ের গীতিকার জোনায়েদ ওয়াসির উত্সাহেই গানটি করার সাহস পেয়েছি। আশা করি সবার ভালো লাগবে।’ ইমরান বলেন, ‘গানটি করতে গিয়ে অন্যরকম একটা অভিজ্ঞতা হয়েছে। এবার দেখার বিষয় শ্রোতারা গানটিকে কিভাবে গ্রহণ করেন। আমরা কিন্তু আশাবাদী।’