হঠাত্ ঢাকায় ‘মীরাক্কেল’ নির্মাতা!
প্রকাশ : ২৪ জুলাই ২০১৩, ২০:০৬
হঠাত্ ঝটিকা সফরে ঢাকা ঘুরে গেলেন ‘মীরাক্কেল’ নির্মাতা ও নির্বাহী প্রযোজক শুভঙ্কর চট্টোপাধ্যায়। ঢাকায় ‘মীরাক্কেল’খ্যাত জামিল হোসেন তার সাথে পুরোটা সময় ছিলেন। মূলত শুভঙ্কর চট্টোপাধ্যায় ঢাকায় এসেছিলেন এটিএন বাংলার একটি রিয়েলিটি শোয়ের ইভেন্টের দায়িত্ব নেওয়ার ব্যাপারে চূড়ান্ত কথা বলতে। এটিএন বাংলার চলচ্চিত্র তারকা খোঁজার রিয়েলিটি শোয়ের কারিগরি দায়িত্ব নেওয়ার জন্যই এই ইভেন্টের মূল পরিচালক স্বপন চৌধুরীর সাথে কথা বলতে আসেন। তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি যে শুভঙ্কর চট্টোপাধ্যায় বাংলাদেশের এই রিয়েলিটি শো পরিচালনা করবেন কি না। অন্যদিকে ঢাকায় এই ঝটিকা সফরে এসে এরই মধ্যে এফডিসিসহ বেশ কয়েকটি চ্যানেলেও ঘুরে যান তিনি। এ দেশে অনুষ্ঠান ও নাটক নির্মাণের কথাও বলেন তিনি। আগামী কোরবানি ঈদের জন্য একটি টেলিফিল্ম তৈরির প্রস্তাবনা দিয়ে গেছেন এই নির্মাতা। হয়তো চ্যানেল, স্পন্সর সবকিছু ব্যাটেবলে মিলে গেলে শুভঙ্কর পরিচালিত টেলিফিল্ম আগামী কোরবানি ঈদে কোনো চ্যানেলে প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।