সিরিয়ায় মার্কিন অভিযান
হবে ব্যয়বহুল, ঝুঁকিপূর্ণ
প্রকাশ : ২৪ জুলাই ২০১৩, ২০:৫৯
যুক্তরাষ্ট্র সিরিয়ায় সামরিক অভিযান চালালে তা হবে খুবই ঝুঁকিপূর্ণ এবং ব্যয় বহুল। মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্টিন ডেম্পসি এ হুঁশিয়ারি দিয়েছেন। বিবিসি জানায়, ডেম্পসি সিরিয়ায় সামরিক অভিযানের কয়েকটি বিকল্প পন্থা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে সীমিত আকারে হামলা চালানোসহ নো ফ্লাই জোন গঠন করা। তবে তিনি সতর্ক করে দিয়ে এও বলেছেন যে, সিরিয়ায় সামরিক শক্তি ব্যবহার করাটা হবে যুদ্ধের শামিল। এতে যুক্তরাষ্ট্রে বিপুল অঙ্কের অর্থ ব্যয় হবে। ৪ ধরনের বিকল্প পন্থা প্রয়োগ করতে গেলে মাসে মোট খরচ পড়বে ১শ’ বিলিয়ন ডলার।—খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
সিরিয়ার সেনাবাহিনীর হাতে প্রচুর অস্ত্রশস্ত্র ও ক্ষেপণাস্ত্র থাকায় সামরিক অভিযান চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে এবং এর পরিণতিও ভয়াবহ হবে বলে উল্লেখ করেন ডেম্পসি। সিরিয়া পরিস্থিতি সামাল দিতে মার্কিন সামরিক বাহিনীর করণীয় সম্পর্কে লেখা এক চিঠিতে জেনারেল ডেম্পসি এসব কথা বলেন। ১৯ জুলাই মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিকে লেখা চিঠিতে সামরিক অভিযানের বিকল্প পন্থাগুলো উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানিয়ে এসেছে।
তবে মার্কিন কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, সিরিয়ায় সামরিক অভিযানের বিষয়টি নিয়ে কংগ্রেস সদস্যদের কিছু উদ্বেগের অবসান ঘটলে প্রেসিডেন্ট বারাক ওবামা সিরীয় বিদ্রোহীদেরকে অস্ত্র দেয়ার পরিকল্পনা নিয়ে এগুবেন। হাউস অব রিপ্রেজেন্টেটিভস ইন্টেলিজেন্স কমিটি চেয়ারম্যান মাইক রজারস বলেছেন, প্রশাসন এ ব্যাপারে আগানোর মতো অবস্থায় রয়েছে বলেই তারা মনে করেন।