তাই চি আয়ু বাড়ায়

যারা কোনো শারীরিক কসরত করেন না তাদের চেয়ে তাই চি’র অনুশীলন যারা করেন তারা বেশিদিন বাঁচেন। নতুন এক গবেষণায় এমন তথ্যই পাওয়া গেছে। ‘তাই চি’ চীনের ঐতিহ্যবাহী শারীরিক কসরত। গবেষকদের একজন ড. জিয়াংলান ঝ্যাং বলেন, “এটি ধীরগতির ব্যায়াম এবং নড়াচড়ার ওপর মনসংযোগ ধরে রাখার একটি যৌথ প্রক্রিয়া। যা আপনার চাপ কমাবে এবং অবশ্যই আপনার নমনীয়তা ও সহ্য ক্ষমতা বৃদ্ধি করবে।” যদিও তার এই গবেষণাটি এখনো প্রমাণিত নয় তবে অনেকের দীর্ঘায়ুর পেছনে তাই চি’র গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে ধারণা করা হয়। সাংহাইয়ে মাঝ বয়সী ও বৃদ্ধদের মধ্যে এক গবেষণা চালিয়ে ঝ্যাং ও তার দল দেখেছেন, তাই চি এবং অন্যান্য ব্যায়াম মানুষের আয়ু বাড়াতে সাহায্য করে। প্রায় ৬১ হাজার মানুষের ওপর প্রায় পাঁচ বছরের বেশি সময় ধরে চালানো ওই গবেষণায় তাদের জীবনযাত্রা ও স্বাস্থ্যের বিষয়গুলো নজরে রাখা হয়েছে। তাদের মধ্যে ২২ হাজার অংশগ্রহণকারী জানিয়েছেন তারা সপ্তাহে অন্তত একদিন ব্যায়াম করেন এবং বাকিরা কোনো ধরনের ব্যায়াম করতেন না। গবেষণা শেষে দেখা যায় ওই সময়ে ২৪১২ জন মারা গেছেন। ঝ্যাংয়ের দল অংশগ্রহণকারীদের বয়স, স্বাস্থ্যের অবস্থা ও তারা ধূমপায়ী কিনা বিষয়গুলো আমলে এনে দেখান ব্যায়াম মৃত্যুর ঝুঁকি ২০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনে। দ্য আমেরিকান জার্নাল অ্যান্ড এপিডেমিওলোজিতে ঝ্যাংয়ের গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়।