৭৩ রাজবন্দীকে মুক্তি
দিচ্ছে মিয়ানমার
প্রকাশ : ২৪ জুলাই ২০১৩, ২১:০০
মিয়ানমার সরকার নতুন করে আরো ৭৩ রাজবন্দীকে মুক্তি দিচ্ছে। আগামী মাসগুলোতে মুক্তি পেতে পারে আরো বন্দী। সমপ্রতি ইউরোপ সফরকালে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের বন্দী মুক্তি এবং দেশে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি রক্ষায় এ পদক্ষেপ নিচ্ছে সরকার।
বন্দী মুক্তি প্রক্রিয়া তদারককারি সরকারের এক সদস্য হা মায়ুং শয়ে মঙ্গলবার একথা বলেছেন। ২০১১ সালে মিয়ানমারে আধা-বেসামরিক সরকার ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট থেইন সেইন একাধিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচি নিয়েছেন। মুক্তি দিয়েছেন শত শত রাজবন্দীকে।
গত সপ্তাহে যুক্তরাজ্য সফরকালে এ বছরের শেষ নাগাদ বাদবাকি বন্দীদেরও মুক্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মায়ুং শয়ে বলেন, “বিভিন্ন বন্দীশালা থেকে আজ মোট ৭৩ রাজনৈতিক বন্দীকে মুক্তি দেয়া হচ্ছে।” এ পদক্ষেপের পর মিয়ানমারে বাকি রাজবন্দীর মোট সংখ্যা এখন বহু বছরের মধ্যে এই প্রথম ১ শ’রও নিচে দাঁড়িয়েছে। সরকার, বিভিন্ন দূতাবাস ও অন্য গ্রুপগুলো অবশ্য রাজনৈতিক বন্দীর ভিন্ন ভিন্ন সংখ্যা জানিয়েছে।
মায়ুং বলেন, বন্দী মুক্তি প্রক্রিয়া তদারকের জন্য মিয়ানমার সরকারের গঠিত কমিটি মাসে একবার আলোচনায় বসে এবং ইউরোপকে প্রেসিডেন্টের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী এ বছর শেষে বাদবাকি সব রাজবন্দী মুক্তি পেয়ে যাবে বলে আমরা আশা করছি।