জোয়ারে বাগেরহাটে শতাধিক গ্রাম প্লাবিত
বাগেরহাট প্রতিনিধি ও চিতলমারী সংবাদদাতা
প্রকাশ : ২৪ জুলাই ২০১৩, ২১:৪১
পূর্ণিমার জোয়ারের পানিতে তলিয়ে গেছে বাগেরহাটের শতাধিক গ্রামসহ চিংড়ি ঘের। জেলার বাগেরহাট সদর উপজেলার পার খোড়ামারা, হদেরহাট, ছোট শিংড়া, উজলকুর, ফকিরহাট উপজেলার বুড়বুড়িয়া, ডোঙ্গা, মোড়েলগঞ্জের বারইখালী, কুঠিবাড়ী, কাঁঠালতলা, গাবতলা, খাউলিয়ার সন্ন্যাসী লঞ্চঘাট, পশুরবুনিয়া, কুমারখালী, ফাশিয়াতলা, সোনাখালী বাজার, ফুলহাতা বাজার, ঘষিয়াখালী, তেলিগাতী, বহরবুনিয়া, শ্রেনীখালি এলাকা রামপাল ও মংলা উপজেলার নিম্নাঞ্চলসহ শতাধিক গ্রাম ২ থেকে ৪ ফুট পানিতে তলিয়ে গেছে। চিতলমারী সংবাদদাতা জানান, পূর্ণিমার জোয়ারের পানিতে চিতলমারী উপজেলার ডুমুরিয়া যৌথবাহিনীর ক্যাম্প ও স্কুল, ঝালডাঙ্গা, খড়িয়া, আড়লিয়া, দত্তডাঙ্গা, ডুমুরিয়া, রায়গ্রাম, করাতেরদিয়া এলাকা ২ থেকে ৩ ফুট পানিতে তলিয়ে যায়। অনেকের ঘরের মধ্যে পানি ওঠায় রান্নাবান্নায় চরম ভোগান্তিতে আছে গৃহিণীরা। পানগুছি নদীর পানিতে ভেসে গেছে মোরেলগঞ্জ পৌরসভা সদর বাজার, উপজেলা পরিষদ চত্বর, এসএম কলেজ, এসিলাহা স্কুল মাঠ, এসবি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট। বেড়িবাঁধ না থাকায় বাগেরহাট, রামপাল, মংলা ও মোরেলগঞ্জ উপজেলার বাজারগুলোতে পানি উঠে যাওয়ায় ঈদের বাজারের ক্রেতা-বিক্রেতা উভয়েই পড়েছেন বিপাকে। বাগেরহাট জেলা প্রশাসক মু. শুকুর আলী জানান, প্রতি অমাবস্যা ও পূর্ণিমার ন্যায় এবারও বাগেরহাটের বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে বেড়িবাঁধ উপচে পানি বাঁধ এলাকায় প্রবেশ করেছে। এ সব এলাকার মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।