বদরগঞ্জে জমিজমা সংক্রান্ত সংঘর্ষে নিহত ১, আহত ১৪

বদরগঞ্জ উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আহত আব্দুস সামাদের মৃত্যু হয়েছে। গত সোমবার ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে নিহতের স্ত্রী মোতাহারা বেগম বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ঝাড়খন্ড মৌয়াগাছ স্কুলপাড়া গ্রামের আব্দুস সামাদ ও তার লোকজনের সঙ্গে রবিবার জমিজমা বিরোধের জের ধরে একই এলাকার আব্দুল মজিদের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আব্দুস সামাদ (৪২), রফিক (৬০), নাজির (৬০), সমবারু (৪০), হাসান (১২), লোকমান (৪০), রফিকুল (৪০), জাকির (৩০), আব্দুল (৪৫), এরফান আলীসহ (৩০) উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আব্দুস সামাদ ও রফিককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন থাকা অবস্থায় সোমবার ভোরে আব্দুস সামাদ মারা যান।