বান্দরবানে পাহাড়ি
বৌদ্ধ সম্প্রদায়ের
ওয়া উত্সব শুরু
প্রকাশ : ২৪ জুলাই ২০১৩, ২১:৪৭
বান্দরবানে পাহাড়ি বৌদ্ধ সম্প্রদায়ের ওয়া (বর্ষাবাস) উত্সব শুরু হয়েছে। ওয়া উত্সবকে ঘিরে পাহাড়ে বৌদ্ধ মন্দিরগুলো সেজেছে নতুন সাজে। উত্সবের আমেজ বইছে এখন পাহাড়ি বৌদ্ধ পল্লীগুলোতে। গত সোমবার সকালে বান্দরবানে বৌদ্ধ মন্দিরগুলোতে সমবেত প্রার্থনা পূজার মাধ্যমে ওয়া উত্সব আরম্ভ হয়। ওয়া উত্সবকে ঘিরে বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকারা বৌদ্ধ মন্দিরের ওয়া পালনকারী ভিক্ষুদের জন্য মিষ্টান্ন এবং খাবার উত্সর্গ করেন।
বৌদ্ধ ধর্মালম্বীরা জানায়, আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বৌদ্ধ ধর্মাবলম্বীরা মন্দিরে বর্ষাবাস পালন করে থাকেন। পরে বৌদ্ধ ভিক্ষুদের নিয়ে পাহাড়ি পল্লীগুলোতে কঠিন চীবর (নতুন সুতায় তৈরি কাপড়) দান উত্সবের আয়োজন করা হয়। এদিকে বর্ষাবাস উত্সবকে ঘিরে পাহাড়ি পল্লীগুলোতে উত্সবের রং লেগেছে। কেন্দ ীয় বৌদ্ধ মন্দির, রাজগুরু ক্যায়াং এবং বৌদ্ধ ধাতু স্বর্ণ জাদী মন্দিরসহ বিভিন্ন মন্দিরে পাহাড়ি তরুণ-তরুণীরা নতুন পোশাকে বৌদ্ধ ভিক্ষুদের নানা ধরনের খাবার দিয়ে তাদের অপ্যায়ন করেন। এছাড়াও বৌদ্ধ মন্দিরগুলোতে পূজা-অর্চনা পঞ্চশীল প্রার্থনারও আয়োজন করা হয়।