শাহ্রাস্তিতে শত্রুতার বলি অর্ধশতাধিক গাছ

চাঁদপুরের শাহরাস্তি থানার চিমাইল গ্রামে দীর্ঘদিন যাবত্ দু’ভাইয়ের মধ্যে ঝগড়া-ঝাটি লেগে থাকায় এলাকাবাসী কয়েকবার দেন-দরবার করেও এর কোন সমাধান দিতে ব্যর্থ হন। সর্বশেষ ঘটনাটির সূত্রপাত মাত্র একটি ইটকে কেন্দ্র করে। প্রবাসী মোঃ বিল্লাল হোসেনের স্ত্রী নূর নাহার তার দুই শিশু সন্তান নিয়ে বসবাস করেন। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আরমান ও তার মা আয়েশা বেগম নূর নাহারকে হুমকি-ধমকি দিতে থাকে। প্রতিবাদ করলে নূর নাহার দৈহিক লাঞ্ছনার স্বীকার হয়। আরমান ও তার মা একটি ইটকে কেন্দ্র করে নূর নাহারের বাগানের প্রায় অর্ধশতাধিক বিভিন্ন জাতের মূল্যবান গাছ কেটে ফেলে। নূর নাহার বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় আরমান ও আয়েশা বেগমকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এমতাবস্থায় নূর নাহার তার পরিবারের সদস্যদের নিয়ে অসহায় দিন কাটাচ্ছেন।