প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

গত মঙ্গলবার দৈনিক ইত্তেফাকে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সম্পর্কে প্রকাশিত সংবাদটি সঠিক নয় বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক এস এম আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে বলা হয়েছে, প্রকাশিত সংবাদে ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষকদের দাবির প্রতি অবমূল্যায়ণ, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও কৌশলে সন্ধ্যায় সিন্ডিকেট সভা করার চেষ্টা’ সম্পর্কে যে তথ্য উল্লেখ করা হয়েছে তা সঠিক নয়। জীববিজ্ঞান স্কুলের ডিন হিসেবে প্রফেসর ড. সমীর কুমার সাধুর নিয়োগের বিষয়ে উচ্চ আদালতে রিটের প্রেক্ষিতে ইতিমধ্যে কর্তৃপক্ষের নিকট আদালত ব্যাখ্যা চেয়েছেন। উচ্চ আদালতে এটি বিচারাধীন থাকা সত্ত্বেও ঐ স্কুলের ৫ জন ডিসিপ্লিন প্রধানসহ কিছুসংখ্যক শিক্ষক উপাচার্যকে উক্ত ডিনের দায়িত্ব গ্রহণের জন্য চাপ প্রয়োগ করেন। আইনগতভাবে ‘আদালতের নির্দেশনা ছাড়া উপাচার্য এ দায়িত্ব নিতে পারেন না’ সে বিষয়টি জীববিজ্ঞান স্কুলের শিক্ষকবৃন্দকে তিনি একাধিকবার অবহিত করেছেন।