নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিক নিয়োগে অনিয়ম
প্রকাশ : ২৪ জুলাই ২০১৩, ২১:৫০
নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিক-কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলেও দোষীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। একই কায়দায় আবারও শতাধিক শ্রমিক-কর্মচারী নিয়োগের প্রক্রিয়া চলছে। ২০১১ সালে ঐ মিলের বিভিন্ন বিভাগে একশ’ জনকে নিয়োগ দেয়া হয়। ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাবে ব্যাপক নিয়োগ বাণিজ্য চলে। নাটোরের মহিলা সংসদ সদস্য শেফালী মমতাজ ঐ নিয়োগের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। তাঁর অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন ঐ বছর ১৯ অক্টোবর ও বাংলাদেশ শিল্প মন্ত্রণালয় ২০১২ সালের ৩০ অক্টোবর পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে তারা নিয়োগে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পান। তাদের রিপোর্টের ভিত্তিতে কর্পোরেশন অপরাধীদের চিহ্নিত করতে ২৪ এপ্রিল আরও একটি কমিটি গঠন করে।
এদিকে নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত এক কর্মকর্তা জানান, ২০১১ সালে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেয়া হয়। এবারও তেমনটি হওয়ার আশংকা করা হচ্ছে। এসময় মুক্তিযোদ্ধা কোটায় বৈধ সনদ ছাড়াই ৯ জনকে নিয়োগ দেয়া হয়। বয়স জালিয়াতি করেছে ১৫ জন। এছাড়া রাজনৈতিক দলের ১০ ক্যাডার নিয়োগ পেয়েছে। এব্যাপারে নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক জানান, নিয়ম-নীতি অনুসরণ করে নিয়োগ দেয়া হচ্ছে।