জীবননগরে স্ত্রীর নগ্ন ছবি তোলায় পর্নোগ্রাফি মামলা

চুয়াডাঙ্গার জীবননগরে যৌতুক না পেয়ে গোপনে স্ত্রীর সাথে বিশেষ মুহুর্তের ভিডিও ও স্থিরচিত্র মোবাইলে ধারণ করে বাজারে ছাড়ার হুমকি দেয়ায় মামলা করেছে স্ত্রী। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী ক অঞ্চল আদালতে রবিবার মামলাটি দায়ের করা হয়। আদালত মামলা গ্রহণ করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন। মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৩০ জানুয়ারি জীবননগর উপজেলার বাঁকা পূর্বপাড়ার সাবান আলীর মেয়ে ছাবিনা ইয়াসমিনের (২০) সাথে চুয়াডাঙ্গা সদর উপজেলার গবরগাড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে ইয়াছিন আলীর (২৫) বিয়ে হয়। বিয়ের পর থেকে ইয়াছিন তার ভাই ও মায়ের পরামর্শে দুই লাখ টাকা যৌতুক দাবি করে। দাবি পূরণ না করায় ছাবিনাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়া হয়। গত ২৮ জুন জীবননগরের এক কম্পিউটারের দোকান থেকে তাদের দাম্পত্য জীবনের ধারণ করা গোপন ছবির সাথে ছাবিনার ভাই ও ভগ্নিপতির মাথা জুড়ে দিয়ে প্রিন্ট করে খামে ভরে ছাবিনার বাবার বাড়িতে পাঠায়। বলা হয় দুই লাখ টাকা না দিলে এসব ছবি ও ভিডিও চিত্র ইন্টারনেটসহ বিভিন্ন মোবাইলের দোকানে ছেড়ে দেয়া হবে। এসব ছবি ইতিমধ্যে বিভিন্ন লোকের মোবাইলে ছড়িয়ে দেয়া হয়েছে।