ভালুকায় সংখ্যালঘুদের ভূমি দখলের অভিযোগ
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ২৪ জুলাই ২০১৩, ২১:৫২
ময়মনসিংহের ভালুকা উপজেলায় সরকার দলীয় নেতা-কর্মীদের দখলবাজির হাত থেকে রেহাই পাচ্ছে না সংখ্যালঘু হিন্দু, মুচি, কুমার ও শহীদ পরিবারের সদস্যরা। উচ্ছেদ, জমি দখল, মামলা-হামলা ও নির্যাতনের ভয়ে বসতভিটা ফেলে পালিয়ে বেড়াচ্ছে ওই সব পরিবারের অনেক সদস্য। দখলবাজির ঘটনায় সংখ্যালঘু পরিবারের সদস্যদের উপর মামলা-হামলা ও নির্যাতনের আইনগত প্রতিকার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভালুকা শাখার সভাপতি মলয় নন্দী মানিক জানান, ভালুকা উপজেলার সংখ্যালঘু পরিবারের উপর ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের অত্যাচার, উত্পীড়ন অব্যাহত রয়েছে। এ সব অভিযোগের ক্ষেত্রে পৃথকভাবে ভূমি জবর দখলকারীদের সাথে যোগাযোগ করা হলে, ভূমি জবর দখলের ঘটনা অস্বীকার করে তারা বলেন, ক্রয়সূত্রে তারা ওই সব জমির মালিক। ভালুকা মডেল থানার ওসি আব্দুল মোতালেব মিয়া জানান, সংখ্যালঘু নির্যাতনের কোন অভিযোগ থানায় নেই। অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।