মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্তরা ভোটার তালিকা থেকে বাদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্তদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ গতকাল সাংবাদিকদের এ কথা জানান। তিনি জানান, কমিশনের এক বৈঠকে গতকাল এ সিদ্ধান্ত নেয়া হয়। তিনি নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ তে বিচার চলছে। ইতোমধ্যে বেশ কয়েকটি মামলার রায়ও দিয়েছে ট্রাইব্যুনাল ১ ও ২। জামায়াতের সাবেক রুকন মাওলানা আবুল কালাম আযাদ, নায়েবে আমীর দেলাওয়ার হোসেন সাঈদী, সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারী জেনারেল মুহম্মদ কামারুজ্জামানকে ফাঁসির রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জামায়াতের সাবেক আমীর গোলাম আযমকে ৯০ বছর এবং সহকারি সেক্রেটারী জেনারেল আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ প্রেক্ষাপটে নির্বাচন কমিশন মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্তদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিলো।