সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ২৪ জুলাই ২০১৩, ২১:৫২
গাইবান্ধায় বন্যা সহিষ্ণু বিনা-১১ ধান বীজ বিতরণ
গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বন্যা ঝুঁকিপূর্ণ এলাকার কৃষকদের মধ্যে বেসরকারি সংগঠন আরডিআরএস-এর পক্ষ থেকে গত মঙ্গলবার বন্যাসহিষ্ণু বিনা-১১ ধান বীজ বিতরণ করা হয়েছে। নির্বাহী কর্মকর্তা মো. মেহেদি-উল-শহিদ আনুষ্ঠানিকভাবে ৬০ জন কৃষকের মধ্যে ৫ কেজি করে এ ধান বীজ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার তাজুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান, কৃষিবিদ শা জ ম শালাউদ্দিন, নূর আলম, আশরাফ হোসেন প্রমুখ।
দুর্গাপুর পৌরসভার বাজেট ঘোষণা
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনা জেলার দুর্গাপুর পৌরসভার ২০১৩-১৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে গত মঙ্গলবার। পৌরসভা হলরুমে নতুন কোন করারোপ ছাড়াই ৫২,৬১,৬০০ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র শম জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল শায়াদাত্ বাবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্ল¬াহ হক, মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমীন চুন্নু, প্রবীণ রাজনীতিক দুর্গা প্রসাদ তেওয়ারী, সাবেক প্রেসক্লাব সভাপতি মো. মোহন মিয়া প্রমুখ।
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
মৌলভীবাজার প্রতিনিধি \ সংসদ সদস্য গোলাম মাওলা রনি কর্তৃক ২ সাংবাদিক নির্যাতনের ঘটনায় রনির সদস্যপদ বাতিল ও গ্রেফতারের দাবিতে মৌলভীবাজারে সাংবাদিকরা মানববন্ধন করেন। গত মঙ্গলবার প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধনে প্রেসক্লাব সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম উমেদ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন আবদুল হামিদ মাহবুব, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, আনহার আহমদ সমশাদ, নুরুল ইসলাম শেফুল, রাধাপদ দেব সজল, এম শাহজাহান আহমদ প্রমুখ।
চাটখিলে সমবায় কর্মকর্তার অপসারণের দাবিতে সভা
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা \ চাটখিল উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ এনে তাকে অপসারণের দাবিতে গতকাল বুধবার বিআরডিবি মিলনায়তনে কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আহম্মদ হোসেন সোহাগের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা রাখেন সমবায়ী নেতা আবুল বাশার আবু, মিজানুর রহমান বাবর, মো. বেলায়েত হোসেন, বেল্লাল হোসেন, মো. সেলিম, নাছির উদ্দিন সাংবাদিক, হারুনুর রশিদ প্রমুখ।
ডুমুরিয়ায় নারী শ্রমিকদের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা \ ডুমুরিয়া উপজেলায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি সমাপ্তি শেষে ১৪০ জন নারী শ্রমিকের মাঝে তাদের সঞ্চয়ের ১ কোটি ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
গতকাল বুধবার দুপুরে চেক বিতরণ অনুষ্ঠান উপলক্ষে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা প্রকৌশলী আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য নারায়ণচন্দ্র চন্দ , উপজেলা চেয়ারম্যান গাজী আব্দুল হাদী, ভাইস চেয়ারম্যানদ্বয় রণজিত সরদার ও শোভা রানী হালদার, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান প্রমুখ।
সিরাজগঞ্জে ৪৯ জামায়াত নেতাকর্মী কারাগারে
সিরাজগঞ্জ প্রতিনিধি \ সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের অফিস ভাংচুর করা মামলায় হাইকোর্ট থেকে জামিন নেয়া ৪৯ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীর জামিন বাতিল করে তাদের কারাগারে প্রেরণ করেছে জেলা জুডিশিয়াল আদালত। মঙ্গলবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদিয়া বেগম এ আদেশ প্রদান করেন।
সিংগাইর ছাত্রলীগের কমিটি গঠন
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ মোঃ ইলিয়াস হোসেন লিটন সভাপতি এবং মোঃ রমিজ উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর গত-২২ জুলাই জেলা সভাপতি, সাধারণ সম্পাদক ৭৬ সদস্য বিশিষ্ট সিংগাইর উপজেলা ছাত্রলীগের কার্যকরি পরিষদের কমিটি ঘোষণা করে। কমিটিতে সহসভাপতি হয়েছেন মোঃ তমিজউদ্দিন, তুহিন মিয়া, শরিফ হোসেন, আনোয়ার হোসেন, মেজবাহউদ্দিন, আব্দুল্লা আল কুতুব, রায়হান আহমেদ।
রাজারহাটে এনজিও কর্মীর উপর হামলা
রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা \ কুড়িগ্রামের রাজারহাটে পূর্বশত্রুতার জের ধরে এক এনজিও কর্মী ছুটিতে বাড়িতে আসার পথে বাড়ির পার্শ্ববর্তী স্থানে তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত এবং নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এনজিও কর্মীর বড় ভাই ভারত চন্দ্র রায় বাদী হয়ে রাজারহাট থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
ফরিদপুর প্রতিনিধি \ ঢাকায় ইন্ডিপেনডেন্ট এর দুই সাংবাদিক, সালথায় ইত্তেফাক ও নাগরিক বার্তার দুই সাংবাদিকের উপর হামলা, সাংবাদিকদের বহনকারী গাড়ি ভাংচুরসহ দেশের বিভিন্ন স্থানে সকল সাংবাদিকের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নগরকান্দা ও সালথা উপজেলায় কর্মরত সাংবাদিকরা। এ সময় বক্তব্য রাখেন, নগরকান্দা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লিটন, কার্যকরি সদস্য বোরহানুজ্জামান আনিস, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্যা প্রমুখ।
শাবিতে হামলায় সাংবাদিক আহত
শাবি প্রতিনিধি \ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের হামলায় বিশ্ববিদ্যালয়ের দৈনিক প্রথম আলোর প্রতিনিধি মুন্সী মোহাম্মদ মিসবাহউদ্দিন আহত হয়েছেন। গত মঙ্গলবর রাত আটটায় ক্যাম্পাসে তাকে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে। আহত সাংবাদিককে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর হিমাদ্রী শেখর রায় জানান, মিসবাহকে হামলার চেষ্টা করলে সে পালিয়ে নিজেকে মুক্ত করে। বর্তমানে সে আশংকা মুক্ত অবস্থায় রয়েছে।
কুড়িগ্রামে থ্রি-হুইলার চলাচলে বাধার প্রতিবাদ
কুড়িগ্রাম প্রতিনিধি \ কুড়িগ্রাম জেলা সড়ক ও আভ্যন্তরীণ সড়কে থ্রি-হুইলার গাড়ি অবাধে চলাচলের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে জেলা থ্রি-হুইলার পরিবহন মালিক সমিতি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন—থ্রি-হইলার মালিক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, আব্দুল ওয়াদুদ, নজরুল ইসলাম ও আব্দুল মোত্তালেব প্রমুখ। বক্তারা অবিলম্বে জেলা সড়ক ও আভ্যন্তরীণ সড়কে থ্রি-হুইলার গাড়ি অবাধে চলাচলের দাবি জানান। অন্যথায় আগামীতে হরতালসহ বিভিন্ন কর্মসূচি দেয়া হবে।
পিরোজপুরে জেলা পুলিশের ইফতার মাহফিল
পিরোজপুর অফিস \ গত মঙ্গলবার পিরোজপুর পুলিশ লাইনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারে অন্যান্যের মধ্যে অংশ নেন এ কে এম আউয়াল এমপি, ডিআইজি ড. আব্দুর রহিম, জেলা জজ বিপ্লব গোস্বামী, এডিসি মোঃ ইসমাইল হোসেনসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুলিশ সুপার মোঃ আকতারুজ্জামান ইফতার মাহফিলে অতিথিদের স্বাগত জানান।
ঈশ্বরগঞ্জে এমপির মতবিনিময় সভা
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ গত মঙ্গলবার দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের সাথে সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে ডাঃ লক্ষী নারায়ণ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডাক তার টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য আব্দুর ছাত্তার। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ প্রমুখ।
বিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরের দিওড়ে গত মঙ্গলবার কোচ-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। শেরপুর থেকে ফুলবাড়িগামী মিনিট্রাক ও বিরামপুর থেকে আসা শ্যামলী পরিবহনের কোচ মুখোমুখি সংঘর্ষে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং কোচটি রাস্তার পার্শ্বে পড়ে যায়। এতে ট্রাক ড্রাইভার মজিবর রহমান নিহত হন। অজ্ঞাতনামা একজন বিরামপুর হাসপাতালে মারা যান। গুরুতর আহত জয়নাল, নূরনবী, সাজু ও বাবলুকে দিনাজপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
হোসেনপুরে বিদ্যুত্ অফিস ঘেরাও
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ হোসেনপুর উপজেলায় অব্যাহত বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে গত মঙ্গলবার হোসেনপুর পল্লী বিদ্যুত্ জোনাল অফিস ঘেরাও করে জনতা। জানা যায়, পবিত্র রমজান, ইফতার ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুত্ না পেয়ে গ্রাহকরা ক্ষোভে ফেটে পড়েন। উপজেলা নির্বাহী অফিসার মো:আবুল কালাম আজাদ, ওসি মীর মোশারফ হোসেন ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কুমিল্লায় ২ লক্ষাধিক টাকা ছিনতাই, আটক ২
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লায় ছুরিকাঘাত করে বাসযাত্রী নিমাই চন্দ্র দে (৩৭) ও মো. হোসেনকে (২২) উপর্যুপরি ছুরিকাঘাত ও মারধর করে দুই লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় মসজিদে মাইকিং করে পুলিশ-জনতা ঘেরাও করে জাবেদ (২০) ও কাদের (২২) নামের দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় গত মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
গাইবান্ধায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা
গাইবান্ধা প্রতিনিধি \ বাড়ির সীমানায় পেয়ারা গাছের পাতা ভাইয়ের বাড়ির উঠোনে ঝরে পড়ার ঘটনাকে কেন্দ্র করে গাইবান্ধায় মোখলেছুর রহমানকে (৬৫) পিটিয়ে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার ওই পাতা ঝরে পড়ার ঘটনাকে কেন্দ্র করে ভাই কোরআন আলী ও ভাতিজাদের সাথে মোখলেছুর রহমানের ঝগড়াঝাটি শুরু হয়। এক পর্যায়ে কোরবান আলী ও তার ছেলে ফরিদ এবং ফরহাদ বেধড়ক মারপিট করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।
কসবায় ৮ বস্তা গাঁজাসহ গ্রেফতার ২
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবার কুটি চৌমহনী বাস টার্মিনাল এলাকা থেকে গত মঙ্গলবার সকালে একটি ট্রাকসহ ( ঢাকা মেট্রো ট- ১১-৫২৮৯) ভারতীয় ১শ’ ১২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় কসবা থানার সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) মো. ফারুক হোসেন বাদি হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতার হওয়া ২ মাদক ব্যবসায়ী হলেন; মির্জানগর গ্রামের রশিদ মিয়ার পুত্র মোঃ শফিকুল ইসলাম (২৬) এবং নয়াকান্দি গ্রামের তৌফিক মিয়া (২৮)।
ঠাকুরগাঁওয়ে ম্যাজিক বাউলিয়ানা সভা
ঠাকুরগাঁও প্রতিনিধি \ বাংলার লোক গানের প্রতিযোগিতা ম্যাজিক বাউলিয়ানার জেলা ও উপজেলা পর্যায়ে প্রচারণা ও নিবন্ধন কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ঠাকুরগাঁও প্রেসক্লাবে মাছরাঙ্গা টেলিভিশনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাউল শিল্পী লোকমান হোসেন। এসময় বক্তব্য রাখেন-মাছরাঙ্গা টেলিভিশনের পক্ষে মো. হাসান, নুরে আলম সিদ্দিক খান, ঠাকুরগাঁও উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সেতারা বেগম, আবু মহিউদ্দিন। মতবিনিময় সভায় জেলার লোকসঙ্গীত শিল্পী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
স্বরূপকাঠিতে ভেজাল বিরোধী অভিযান
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ স্বরূপকাঠিতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৫৯ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার জগন্নাথকাঠি বন্দরের ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার, সাতক্ষীরা মিষ্টান্ন ভাণ্ডারসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৫৯ হাজার টাকা আদায় করেন। এ সময় থানা-পুলিশের এ এস আই কৃষ্ণ দে উপস্থিত ছিলেন।
বাগেরহাটে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক কর্মশালা
বাগেরহাট প্রতিনিধি \ ডিজিটাল বাংলাদেশ বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মাহাপরিচালক মো. শাহ আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা: মোজাম্মেল হোসেন। প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মোজাফ্ফর হোসেন, খুলনা প্রেসক্লাব ফেডারেশনের সহকারী মহাসচিব অ্যাড. মো: শাহ আলম টুকু প্রমুখ।