ঢাকা ও চট্টগ্রামে রেলের অগ্রিম টিকেট বিক্রি কাল শুরু
প্রকাশ : ২৪ জুলাই ২০১৩, ২১:৫৪
বাংলাদেশ রেলওয়ের ঢাকা ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আগামীকাল শুক্রবার থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে।
বাংলাদেশ রেলওয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ঢাকা ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ও বিশেষ ট্রেনের টিকেট বিক্রি করবে।
রেলওয়ে সূত্র জানায়, বিশেষ ব্যবস্থায় ২৬ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্দিষ্ট যাত্রার দিনের ট্রেনের সব শ্রেণীর অগ্রিম টিকেট বিক্রি করা হবে।
সূত্র জানায়, আগামী ৪ আগস্ট যাত্রার টিকেট ২৬ জুলাই, ৫ আগস্ট যাত্রার টিকেট ২৭ জুলাই, ৬ আগস্ট যাত্রার টিকেট ২৮ জুলাই, ৭ আগস্ট যাত্রার টিকেট ২৯ জুলাই এবং ৮ আগস্ট যাত্রার টিকেট ৩০ জুলাই বিক্রি করা হবে। ঈদ ফেরত যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি করা হবে। এ ব্যবস্থায় আগামী ২ আগস্ট থেকে ৬ আগস্ট পর্যন্ত বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্দিষ্ট যাত্রার দিনে সব শ্রেণীর অগ্রিম টিকেট বিক্রি করা হবে।
রেলওয়ে সূত্র জানায়, ১১ আগস্ট যাত্রার টিকেট ২ আগস্ট, ১২ আগস্ট যাত্রার টিকেট ৩ আগস্ট, ১৩ আগস্ট যাত্রার টিকেট ৪ আগস্ট, ১৪ আগস্ট যাত্রার টিকেট ৫ আগস্ট এবং ১৫ আগস্ট যাত্রার টিকেট ৬ আগস্ট বিক্রি করা হবে। সূত্র জানায়, প্রকৃত যাত্রীরা যাতে অগ্রিম টিকেট সংগ্রহ করতে পারেন সে লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী ৯ ও ১০ আগস্ট ঢাকা-কলকাতা-ঢাকা রুটে মৈত্রী এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে বলে রেলওয়ে সূত্র জানায়।