বিস্মিত হয়েছিলেন মার্টিনো!
প্রকাশ : ২৪ জুলাই ২০১৩, ২২:০৩
বার্সেলোনার কোচ হবার প্রস্তাব পেয়ে প্রথমেই চমকেই উঠেছিলেন আর্জেন্টাইন জেরার্ডো মার্টিনো! কাতালানদের প্রধান হিসেবে গত মঙ্গলবার টিটো ভিলানোভার স্থলাভিষিক্ত হয়ে নিজেই এ তথ্য জানিয়ে একই সাথে ক্লাবের আস্থার প্রতিদান দেয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
মার্টিনো আজ বৃহস্পতিবার কাতালান ক্লাবটিতে এসে পৌঁছাবেন। বার্সেলোনার ওয়েবসাইটে জানানো হয় এরপর আগামীকাল শুক্রবার তাকে গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে। এর আগে মঙ্গলবার তিনি আর্জেন্টিনায় তার পুরনো ক্লাব নিউ ওল্ড বয়েজকে বিদায় জানিয়ে ইউরোপের পথে দীর্ঘ যাত্রা শুরু করেন।
মাঠে প্রতিপক্ষ কোচের কৌশলের সঙ্গে যুদ্ধ করবেন নাকি ক্যান্সারের সঙ্গে? এ দুইয়ের মাঝে ভিলানোভাকে বেছে নিতে হয়েছে দ্বিতীয়টিকেই। নতুন কোচ হিসেবে বার্সা কাকে বেছে নেবে সে নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। ধারণা করা হচ্ছিলো আন্দ্রে ভিলাস বোয়াস, মাইকেল লাউড্রপ বা গাস হিডিঙ্কের মতো এমন কাউকে বেছে নেবে বার্সেলোনা, ইউরোপের শীর্ষ পর্যায়ে যাদের সামর্থ্য পরিক্ষিত। কিন্তু এসব নামি-দামি কোচের পেছনে না হেঁটে ক্লাবটি শেষ পর্যন্ত বেছে নিল মার্টিনোর মতো তুলনামূলক বিচারে অখ্যাত কাউকে।
স্প্যানিশ চ্যাম্পিয়নদের এমন সিদ্ধান্তে অবাক হয়েছিলেন অনেকেই। তবে তাদের তালিকায় যে মার্টিনো নিজেই আছেন সেটা হয়তো ভাবতে পেরেছিলেন খুব কম মানুষই। ৫০ বছর বয়সী এই কোচ নিজেই বলেন, ‘আমার প্রতি বার্সেলোনার আগ্রহে আমি সত্যিই বিস্মিত হয়েছি। আমি আসলে এটা আশাই করিনি। আমার পরিকল্পনা ছিল আপাতত কিছুদিন বিশ্রাম নেয়ার। বার্সেলোনা যে আমার সামর্থ্যের উপর আস্থা রেখেছে তাতে আমি কৃতজ্ঞ।’
মার্টিনো জানিয়েছেন, তার ভবিষ্যত্ পরিকল্পনার কথাও। তিনি বলেন, ‘আমরা দলে নতুন কিছু বিষয় যুক্ত করতে চাই। পাশাপাশি খেলোয়াড়দের ব্যক্তিগত পর্যায়ে উন্নয়নের উপরও জোর দেয়া হবে। প্রতিটি কোচই আসলে একাজগুলো করতে চায়। তবে আমাদের দ্রুত এগুলোর সাথে মানিয়ে নিতে হবে এবং প্রত্যাশার জায়গায় পৌঁছাতে হবে।’
নতুন কোচের প্রতি নিজের সমর্থনের কথা গত সোমবারই জানিয়েছিলেন ক্লাবের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। ধারণা করা হচ্ছে, মার্টিনোকে নিয়োগের সিদ্ধান্তের পেছনে কাজ করেছে এ বিষয়টিও। সে বিষয়ে পরিষ্কারভাবে কিছু না বললেও, মেসিকে সামনে রেখেই দলকে খেলানোর পরিকল্পনার কথা জানালেন মার্টিনো।
পাশাপাশি পুনর্ব্যক্ত করলেন তার ‘মেসি মুগ্ধতার’ কথাও, ‘আমি নিশ্চিত মেসি পরিবার আমার সম্পর্কে ইতিবাচক কিছুই বলেছে। তবে আমি জানি না আমাকে নিয়োগের ব্যাপারে সেটা কতটা ভূমিকা রেখেছে। বার্সাকে কোচিং করানোর অর্থ হচ্ছে বিশ্বের সেরাদের নিয়ে কাজ করা। লিও (মেসি) যেন তার বর্তমান ফর্মেই থাকতে পারে সে লক্ষ্য নিয়েই আমরা তার সাথে প্রতিদিন কাজ করবো।’