লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৩৭ বাংলাদেশিদের মধ্যে ২৭ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গতকাল সোমবার এই তথ্য জানিয়েছে। নিহত বাংলাদেশিরা হলেন, নোয়াখালীর চাটখিল উপজেলার জয়াগ গ্রামের নাসির, ঢাকার টঙ্গীর কামরান, সিলেটের কাসিম আহমেদ, জিল্লুর রহমান, মনির, কিশোরগঞ্জের জালাল উদ্দিন ও আল-আমিন, সিলেট ফেঞ্চুগঞ্জের আয়াত, লিমন আহমেদ, আব্দুল আজিজ ও আহমেদ, সিলেট বিশ্বনাথের খোকন, রুবেল ও বেলাল, সিলেট গোলাপগঞ্জের মারুফ, সুনামগঞ্জের মাহবুব, নাদিম ও মাহবুব হোসেন, সিলেট দক্ষিণ সুরমার জিল্লুর, বাইল্যাহার মৌলভীবাজারের ফাহাদ, হাউড়তোলা সিলেটের আমাজল, সিলেট বিয়ানীবাজারের রফিক ও রিপন, মাদারীপুর জেলার সজিব, শরীয়তপুরের পারভেজ, কামরুল আহমেদ মারুফ এবং মৌলভীবাজার কুলাউড়ার শামিম।
নৌকাডুবি থেকে বেঁচে যাওয়া শিশির নামে এক বাংলাদেশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ফোনে জানান, বেঁচে যাওয়া ৬ জনের বাড়ি শরিয়তপুর জেলার নরিয়া থানার চারুগা গ্রামে। তারা হলেন, রাজিব, উত্তম, পারভেজ, রনি, সুমন ও জুম্মান।
এ দিকে, নৌকাডুবিতে নিহত ও জীবিত বাংলাদেশিদের তথ্য আদান-প্রদানের জন্য চালু করা হয়েছে দুটি হট লাইন নম্বর:৮৮-০২-৪৯৩৫৪২৪৬ ও ০১৮১১৪৫৮৫২১। ৪৯৩৫৪২৪৬ এই নম্বরটি অফিস চলাকালে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এবং ০১৮১১৪৫৮৫২১ নম্বরটি ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ।