তবুও উন্নতি দেখছেন ভিলিয়ার্স

ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও হারতে হলো দক্ষিণ আফ্রিকাকে। গত মঙ্গলবার কলম্বোতে বৃষ্টি আইন অনুযায়ী তারা হেরেছে ১৭ রানে। তবে প্রথম ম্যাচে শোচনীয় পরাজয়ের পর এ ম্যাচে দলের পারফরম্যান্সে উন্নতিই দেখছেন প্রোটিয়া অধিনায়ক এবিডি ভিলিয়ার্স। বোলারদের দারুণ পারফরম্যান্সে এদিন শ্রীলঙ্কাকে ২২৩ রানেই বেঁধে ফেলে সফরকারিরা। লঙ্কানরা অবশ্য পুরো ওভার ব্যাট করার সুযোগ পায়নি। ইনিংস শেষ হবার চার বল আগে বৃষ্টির বাঁধা আসলে শেষ পর্যন্ত এই রানেই থেমে যেতে হয় তাদের। ওপেনার তিলকরত্নে দিলশান এবং অধিনায়ক দিনেশ চান্দিমাল দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন। বৃষ্টির পর আবার খেলা শুরু হলে ডাকওয়ার্থ-লুইজ পদ্ধতি অনুসারে দক্ষিণ আফ্রিকার জন্য ২৯ ওভারে ১৭৬ রানের নতুন লক্ষ্য নির্ধারিত হয়। ফিল্ডিংয়ের সময় চোট পাওয়া হাশিম আমলার বদলে স্পিনার রবিন পিটারসেন ইনিংস উদ্বোধন করেন। মালিঙ্গার শিকার হবার আগে মাত্র তিন রান করতে পারলেও এই ম্যাচটা স্মরণীয়ই হয়ে রইলো পিটারসেনের জন্য। কারণ এদিন প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে বলের পর ব্যাট হাতেও ইনিংস শুরু করেন তিনি। লঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে ভিলিয়ার্সের দল। এরমধ্যে আরো একদফায় বৃষ্টির বাঁধা আসলে জয়ের জন্য ২১ ওভারে ১২২ রানের নতুন লক্ষ্য পায় প্রোটিয়ারা। তবে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে না পারায় পাঁচ উইকেটে ১০৪ রানেই থেমে যেতে হয় তাদের। প্রথম ম্যাচে ১৮০ রানের বড় হারের ধাক্কা সামলে এই ম্যাচে অন্তত কিছুটা হলেও লড়াই করতে পেরেছে দল। ম্যাচ শেষে এটাকেই বড় করে দেখতে চাইলেন ভিলিয়ার্স, ‘তুলনামূলকভাবে আজ আমরা নিজেদের অনেকটাই গুছিয়ে এনেছিলাম। তবে ব্যাটম্যানরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। তবে সিরিজ এখনো শেষ হয়ে যায়নি। আমাদের হাতে এখনো তিনটি ম্যাচ আছে।’ সিরিজের পরবর্তী ম্যাচ আগামী ২৬ তারিখ পাল্লেকেলেতে অনুষ্ঠিত হবে।