চট্টগ্রামে নিউমার্কেট মোড় যানজট মুক্ত রাখতে গিয়ে জনদুর্ভোগ বৃদ্ধি

বন্দর নগরীর ব্যস্ততম এলাকা নিউ মার্কেট মোড় যানজট মুক্ত রাখতে গিয়ে জনদুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গাড়ি থেকে নেমে যাত্রীদের কয়েক কিলোমিটার হেঁটে ঈদের কেনা-কাটা করতে যেতে হচ্ছে। যাত্রী উঠা-নামা ও সড়কের উপর এলোপাতাড়ি যানবাহানের পার্কিংয়ের কারণে নতুন করে কদমতলী, লালদীঘি পাড় ও লাভ লেইন এলাকায় নিত্য যানজটের সৃষ্টি হচ্ছে। পরিবহন মালিক ও যাত্রীদের অভিযোগ, নিউ মার্কেট মোড়ে ফুটপাত ও সড়ক ভাসমান হকারেরা দখলে নিয়ে পণ্য সাজিয়ে বসায় যানজটের সৃষ্টি হচ্ছে। অথচ পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। তবে ট্রাফিক পুলিশ জানায়, নগরীর বিভিন্ন স্থান থেকে অন্তত ৬/৭টি রুটের গণপরিবহন নিউ মার্কেট মোড়ে এসে যাত্রা শেষ করে পুনরায় যাত্রী নিয়ে চলে যায়। এতে নিউমার্কেট মোড়ে প্রতিদিন কয়েকশ গণপরিবহন আসা যাওয়া করে। এর বাইরে হাজার হাজার রিকশা, সিএনজি অটো রিকশা ও টেম্পো মিলিয়ে এখানে যানবাহনের ভিড় লেগেই থাকে। ঈদকে ঘিরে যানবাহনের চাপ আরো কয়েকগুণ বেড়ে যাওয়ায় জন দুর্ভোগ অসহনীয় হয়ে উঠেছে। তাই আসন্ন ঈদ পর্যন্ত গণপরিবহনগুলোকে যাত্রী উঠা-নামা করতে বিকল্প স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে। গত কয়েকদিন ধরে তিন নম্বর রুটের গণপরিবহন লাভ লেইন মোড়, ১ নম্বর রুটের যানবাহনগুলো লালদীঘিপাড় ও দুই, চার, ছয়, সাত ও আট নম্বর রুটের যানবাহনগুলোকে কদমতলী মোড় থেকে যাত্রা ঘুরিয়ে দেয়া হচ্ছে। আর এর ফলে গণপরিবহনের যাত্রীদের কয়েক কিলোমিটার হেঁটে যাত্রা করতে হচ্ছে। এতে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গণপরিবহন বন্ধ করে দেয়ায় রিকশা ভাড়া দ্বিগুণ হয়েছে। এসব এলাকা থেকে নারী-পুরুষ ও শিশুদের পায়ে হেঁটে কেনা-কাটা করতে নিউমার্কেট মোড়ে আসতে হচ্ছে। যাত্রীদের অভিযোগ নিউ মার্কেট ও রিয়াজউদ্দিন বাজার এলাকায় ঈদের কেনাকাটা এখনো পুরোপুরি জমে উঠেনি। অথচ রমজান মাসের প্রথম সপ্তাহ থেকে পুলিশ গণপরিবহন নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে। নিউ মার্কেট মোড় যানজট মুক্ত হলেও বিকল্প তিন জায়গায় যানজট বৃদ্ধি পেয়েছে। লালদীঘি পাড়, লাভ লেইন ও কদমতলী মোড়ে সরু রাস্তায় গণপরিবহনের যাত্রী উঠা-নামা ও এলোপাতাড়ি গাড়ি রাখার কারণে এসব এলাকায় নতুন করে যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া জিইসি মোড়, চকবাজার ও প্রবর্তক মোড়ে নিত্য যানজটের সৃষ্টি হচ্ছে। এ প্রসঙ্গে ট্রাফিক বিভাগের (উত্তর) সহকারী কমিশনার হাসানুজ্জামান মোল্লা বলেন, ‘পরিবহন মালিক, ব্যবসায়ীসহ সকলের সাথে আলাপ করে নিউমার্কেট মোড় যানজট মুক্ত রাখতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’