প্রধানমন্ত্রীর সম্মানে সশস্ত্র বাহিনীর ইফতার

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে গতকাল বুধবার সশস্ত্র বাহিনীর সম্মিলিত ইফতার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে অনুষ্ঠিত হয়েছে। ইফতারের পূর্বে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (অব.), সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আবু এসরার ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্ট্যাফ অফিসার লে. জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। পরে প্রধানমন্ত্রী উপস্থিত সশস্ত্র বাহিনীর সদস্য ও অতিথিবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং ইফতারে শরিক হন। প্রধানমন্ত্রী দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও অগ্রযাত্রা কামনা করে ইফতার অনুষ্ঠানের পূর্বে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ অনুষ্ঠানে আমন্ত্রিত ও সশস্ত্র বাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, মন্ত্রিপরিষদের সদস্যগণ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সংসদ সদস্যগণ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকসহ ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।