নাঙ্গলকোটে মাদ্রাসা ছাত্র খুন
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ২৪ জুলাই ২০১৩, ২২:৫৪
উপজেলার মাদ্রাসার এক ছাত্রকে মাটিতে পুঁতে নির্মমভাবে খুন করা হয়েছে। গত মঙ্গলবার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউপির লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাছান (৮) ওই গ্রামের পোস্ট মাস্টার আবুল কাশেমের ছেলে। সে লক্ষ্মীপুর নূরানী তালিমুল মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেদীর চাচাতো ভাই আলাউদ্দিন ঘুঘু পাখি ধরার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যার পর ধানক্ষেতে পুঁতে রাখে। স্থানীয় লোকজন ধানক্ষেত থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় মেহেদীর পিতা বাদী হয়ে থানায় মামলা করেছে। নিহতের পিতা জানান, কিছুদিন আগে আলাউদ্দিন তার ঘরের মালামাল, মাটির টাকার ব্যাংক ও দলিলপত্র চুরি করে। পরে তার ঘর থেকে ওই মালামাল উদ্ধার করা হয়। এরই জের ধরে ক্ষিপ্ত হয়ে তার ছেলেকে হত্যা করা হয়।