দুদক চেয়ারম্যানের সঙ্গে পদ্মা সেতুর প্রধান আসামির সাক্ষাত্
প্রকাশ : ২৪ জুলাই ২০১৩, ২২:৫৭
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের সঙ্গে পদ্মা সেতু দুর্নীতি মামলার প্রধান আসামির দেখা করাতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান। গতকাল বুধবার বিকালে সাংবাদিকদের তিনি একথা বলেন। উল্লেখ্য, গত মঙ্গলবার বিকালে দুদক চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন পদ্মা সেতু দুর্নীতি মামলার প্রধান আসামি সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া। আলোচিত এ মামলার আসামির সঙ্গে দুদক চেয়ারম্যানের দেখা করার ব্যাপারটি দুদককে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করেছে বিভিন্ন মহল।
গতকাল বিকালে সাংবাদিকরা দুদক চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে এ ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, সাবেক সেতু সচিব সৌজন্য সাক্ষাতের পারমিশন (অনুমতি) চেয়েছেন। আমি পারমিশন দিয়েছি। তিনি আরো বলেন, মোশাররফ হোসেন ভুঁইয়া আসামি এটা ঠিক। তবে জামিনপ্রাপ্ত। জামিনপ্রাপ্ত আসামির সঙ্গে দেখা করার ক্ষেত্রে দুদক চেয়ারম্যানের আইনগত বাধা নেই। এক্ষেত্রে তদন্তে নেতিবাচক প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, তার প্রভাব খাটানোর সুযোগ ছিলো না। সুযোগ নেইও।
বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, তিনি বলেছেন তিনি ন্যায়বিচার চান। তিনি তার মতো করে বলেছেন। আমি বলেছি তদন্ত টিম তাদের স্বাভাবিক নিয়মে তদন্ত কাজ পরিচালনা করবে। এ সময় তিনি মোশাররফকে সম্মানিত ব্যক্তি উল্লেখ করে বলেন, বর্তমানে তিনি ওএসডি, আবার তিনি তার পোস্টে চলে যাবেন।
এদিকে পদ্মা সেতুর দুর্নীতির আলামত আনতে কানাডা যাওয়া প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, আগামী ৯ সেপ্টেম্বর কানাডার আদালতে প্রাক-শুনানি রয়েছে। তাই আমরা ওই শুনানিতে উপস্থিত থাকতে এবং ডায়েরির কপি সংগ্রহ করতে একজনকে হলেও কানাডা পাঠানোর চেষ্টা করছি। তিনি আরো বলেন, এ ধরনের মামলা কমিশনে এই প্রথম। রমেশের ডায়েরি না পেলে আমরা কিভাবে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করবো। এ দুর্নীতির চার্জশিট দিতে হলে আমাদের কানাডায় তথ্য-প্রমাণ পাওয়া জরুরি।
এদিকে দুদকের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সদ্য সাবেক দুদক চেয়ারম্যান গোলাম রহমানের সঙ্গেও মোশাররফ হোসেন ভুঁইয়া কয়েকবার দেখা করার অনুমতি চাইলে তিনি দেখা করার অনুমোদন দেননি।