জাবির দৈনন্দিন কাজ চালাতে পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কাজ যাতে বাধাগ্রস্ত না হয় সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি (প্রশাসন), প্রক্টর ও রেজিস্ট্রারকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। রিট আবেদনকারী ও অন্য সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা যাতে অবাধে প্রশাসনিক ভবনে প্রবেশসহ বিশ্ববিদ্যালয়ের অন্য সব সুবিধা নিতে পারেন এবং সিনেট ও সিন্ডিকেট সভা, অ্যাকাডেমিক কাউন্সিল, ফিন্যান্স কমিটিসহ অন্যান্য সভা অনুষ্ঠান ও অংশগ্রহণে যথাযথ পদক্ষেপ নিতে বিবাদিদেরকে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয় সেই লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আমিনুল ইসলাম, দর্শনের অধ্যাপক সৈয়দ মইনুল আলম, সরকার ও রাজনীতি বিভাগের চেয়ারম্যান কেএম মহিউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাইয়ান রাজী। রিট আবেদনে বলা হয়, প্রশাসনিক ভবনে ঢুকে বিবাদিরা তাদের কাজ করতে পারছে না, অন্যরাও বিশ্ববিদ্যালয়ের সুবিধাদি নিতে পারছে না। সিনেট সভা অনুষ্ঠিত করতে না দেয়ায় বাজেট পাস হয়নি। এ কারণে বাজেট ছাড়াই বিশ্ববিদ্যালয়ের খরচাদি হচ্ছে, যা আইনসম্মত নয়। সিন্ডিকেট সভা করতে না পারায় বিশ্ববিদ্যালয়ের অনেক সিদ্ধান্ত ঝুলে আছে বলে আবেদনে উল্লেখ করা হয়। আবেদনের পক্ষে ড. শাহদীন মালিক ও রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট মোখলেসুর রহমান শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট এই আদেশ দেয়।