গতকাল সোমবার দুপুরে ডিবি পরিচয়ে একদল লোক সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে বদর উদ্দিন সুপার মার্কেটে অবস্থিত আকাশ টেলিকম নামক দোকান থেকে নগদ টাকা ও মালামালসহ দোকান মালিক সাইদ আহমেদ আকাশ ও কর্মচারী জুয়েলকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে ওই এলাকার ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
আকাশের বাবা মঞ্জুর আহমেদ জানান, দুপুর দেড়টায় ডিবি পুলিশ পরিচয়ে একদল লোক তার ছেলের দোকান আকাশ টেলিকম থেকে নগদ সাড়ে ৮ লাখ টাকা, ১৪টি মোবাইল ফোন সেট, ফোন রিচার্জের কার্ড, বিকাশের টাকাসহ প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে তার ছেলে আকাশ ও দোকনের কর্মচারী জুয়েলকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশের দোকানিরা জানান, ৬ জনের একটি দল ওয়াকিটকি ও হ্যান্ডকাফসহ দোকানে প্রবেশ করে এবং কিছুক্ষণের মধ্যেই টাকা, মালামালসহ তাদেরকে তুলে যায়। ডিবি পুলিশের ভয়ে আমরা কেউ কিছু বলতে পারিনি। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহীন শাহ পারভেজ বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছে না। তবে আমরা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
নকল আমের জুসের কারখানা সিলগালা, আটক ৪
সিদ্ধিরগঞ্জে আম ছাড়াই আমের জুস উত্পাদনকারী একটি কারখানা সিলগালা করে দিয়েছে র্যাব। এ সময় ৪ জনকে আটক করা হয়। রবিবার বিকেলে র্যাব-১১ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে সিদ্ধিরগঞ্জের শিমরাইলস্থ সাদিয়া ফুড এন্ড বেভারেজ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামক ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কারখানার নকল জুস জব্দ করে। আটকরা হলো প্রতিষ্ঠানটির ম্যানেজার নাজমুল আলম, কেমিস্ট রাজন হোসেন শিকদার, মো. বিল্লাল হোসেন এবং এনায়েত হোসেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম তাদেরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন।