জঙ্গি হামলা

পাকিস্তানে ৪ আইএসআই কর্মকর্তাসহ নিহত ১০

পাকিস্তানের সিন্ধু প্রদেশের শহর সুক্কুরে অবস্থিত আইএসআই প্রধান কার্যালয়ে গত বুধবার সন্ধ্যায় হামলা চালিয়েছে জঙ্গিরা। এঘটনায় আইএসআই-এর ডেপুটি ডিরেক্টরসহ চার জন নিহত হয়েছে। হামলাকারী পাঁচ জঙ্গিও নিহত হয়েছে। এছাড়া ডিআইজির বাড়িতে কর্মরত এক মালি নিহত হয়েছে। খবর ডন কমের। সেনাবাহিনীর কর্মকর্তা পর্যায়ের লোকসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। নামাজ পড়তে যাওয়ার পথে আরো অনেকে আহত হয়। তাদেরকে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি রয়েছে। হেডকোয়ার্টারসহ চারপাশের তিন কিলোমিটার এলাকা ঘিরে রেখেছে পুলিশ। মোবাইল সেবাও বন্ধ করে রাখা হয়েছে। ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হওয়ার পর শহরের বিদ্যুত্ সংযোগ বন্ধ করে দেয়ায় উদ্ধার তত্পরতা ব্যাহত হয়েছে। মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে গুলি বিনিময়ে মারা যায় তিন হামলাকারী। একটি অসমর্থিত সূত্র জানিয়েছে, আত্মঘাতী বোমা হামলায় আরো দুই হামলাকারী নিহত হয়েছে। ডিআইজি জাওহেদ আলম এবং কমিশনার নিয়াজ আলী আব্বাসী জানিয়েছেন, হামলাকারীরা ৪০ কেজি বিস্ফোরক দিয়ে প্রথম বিস্ফোরণটি ঘটায়। এরপর আরো ৩৪টি গ্রেনেড নিক্ষেপ করে। এছাড়া ছয়টি তাজা গ্রেনেড উদ্ধার করেছে বোমা নিষ্ক্রিয় বাহিনী। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচ থেকে সাতজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।