রূপগঞ্জের চনপাড়া এলাকায় র্যাব ১১ এর একটি বিশেষ অভিযানে স্থানীয় একটি চালের আড়ত থেকে খাদ্য সহায়ক কর্মসূচির নির্ধারিত ১০ টাকা কেজি দরের ২৫৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র?্যাব ১১ এর বিশেষ টিমের অভিযানে এ চাল উদ্ধার করা হয়। এ চাল মজুতের সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয় ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টির মেয়ের জামাতা মনির হোসেন (৩২) নামে এক চালের ডিলারকে আটক করা হয়েছে।
সূত্র জানায়, অভিযুক্ত ডিলার মনির হোসেন তার শাশুড়ি স্থানীয় ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টির সহযোগিতায় টিসিবির এ চাল তার মালিকানাধীন গোডাউনে অবৈধভাবে মজুত ও সংরক্ষণ করে রাখে। এ চাল সে বিভিন্ন পাইকারি হাট বাজারে বিক্রির চেষ্টা চালিয়ে আসছে, এমন খবর পেয়ে র্যাব ১১ এর বিশেষ টিম অভিযান চালিয়ে প্রতিটি ৩০ কেজি ওজনের ২৫৫ বস্তা চাল উদ্ধার করে। র্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, চালের ডিলার মনির হোসেন সরকারি খাদ্য সহায়ক কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে হতদরিদ্রদের মাঝে বিতরণের চাল আত্মসাত্ করতে ভুয়া ক্রেতার স্বাক্ষরযুক্ত রশিদ দেখায়, যেখানে উদ্ধারকৃত চাল বিক্রি হয়েছে বলে দেখানো হয়েছে। কিন্তু ডিলার মনির হোসেনের গোডাউনে অভিযান চালিয়ে ওই চাল উদ্ধার করা হয়। অর্থাত্ আত্মসাত্ করার উদ্দেশ্যেই ওই চাল তার গোডাউনে মজুত রাখা হয়েছিল। এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত মনির হোসেনকে ১ (এক) মাসের কারাদণ্ড দেন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, এ ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।