এবারের ঈদে লুত্ফরের ‘আমার আকাশ পুরোটাই’

‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’র সাফল্যের পর এবারে লুত্ফর হাসান তার পুরো আকাশটা লিখে নেওয়ার স্বপ্নে প্রকাশ করলেন ‘আমার আকাশ পুরোটাই’। একাঝাঁক গীতিকার ও সুরকারের সমন্বিত এই অ্যালবামটি সম্প্রতি বাজারে এসেছে। নিজের এই দ্বিতীয় একক প্রসঙ্গে লুত্ফর বলেন, ‘আসলে দ্বিতীয় এককে সবারই প্রত্যাশার ব্যারোমিটারের পারদ উর্ধ্বগতিতে থাকে। সেদিক দিয়ে আমি বলব এক চমত্কার গীতিকবিতার অ্যালবাম হয়েছে ‘আমার আকাশ পুরোটাই’ অ্যালবামটি। শ্রোতাদের কাছ থেকে ভালো রেসপন্স পাচ্ছি।’ উল্লেখ্য, এবারের ঈদে লুত্ফর হাসানের একক অ্যালবামের পাশাপাশি একটি মিক্সড অ্যালবামেও গান করেছেন তিনি। ‘অমিয়সুধা’ নামের একটি অ্যালবামে ‘শূন্য শূন্য রাত’ নামের একটি গান গেয়েছেন তিনি। নিজের গানের ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখেন এই গানের মানুষটি। এবারের ঈদে তার এই একক নিয়ে তাই নিজের গানের ক্যাম্পেইনেই এখন কাটছে তার দিনরাত্রি।