৯ম সিসিএমএ’র পদচারণা শুরু আজ থেকে
প্রকাশ : ২৫ জুলাই ২০১৩, ২১:১০
সুস্থ সংগীতের বিকাশ—এই লক্ষ্যকে সামনে রেখে ৯ম বারের মতো শুরু হতে যাচ্ছে সংগীত নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজন সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। বাংলাদেশের গানের জগত্ যখন এক ক্রান্তিকাল অতিক্রম করছিল ঠিক সেই সময় দেশের সুস্থ ধারার সংগীতকে দৃঢ় পায়ে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে ২০০৪ সালে সিটিসেল এবং চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে শুরু হয়েছিল সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। সংগীত ভুবনের মহান এই উদ্যোগ সাফল্যের ৮টি বছর পার করে আজ এগিয়ে যাচ্ছে ৯ম বারের আয়োজনের দিকে। আয়োজনের দিক দিয়ে সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে প্রতিবারই থাকে কিছু না কিছু চমক। এবারেও তার ব্যতিক্রম হবে না। রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকগীতি, আধুনিক গান, উচ্চাঙ্গসংগীত (যন্ত্র), উচ্চাঙ্গসংগীত(কণ্ঠ), ছায়াছবির গান, ব্যান্ডসংগীত, আন্ডারগ্রাউন্ড ব্যান্ড, গীতিকার, নবাগত গায়ক/গায়িকা, সাউন্ড ইঞ্জিনিয়ারিং, কাভার ডিজাইন, মিউজিক ডিরেক্টর, মিউজিক ভিডিও ও আজীবন সম্মাননাসহ মোট ১৬টি ক্যাটাগরিতে প্রদান করা হবে এই অ্যাওয়ার্ড।
এ বছর দেশের ৬টি রেডিও স্টেশন যথা রেডিও টুডে, রেডিও আমার, এবিসি রেডিও, ঢাকা এফএম, পিপলস রেডিও ও রেডিও স্বাধীন পপুলার চয়েস ক্যাটাগরির বিচার কার্য পরিচালনা করবে। ৫টি ক্যাটাগরিতে নির্বাচিতকে প্রদান করা হবে পপুলার অ্যাওয়ার্ডস। ক্যাটাগরিগুলো হলো—ব্যান্ডসংগীত, আধুনিক সংগীত, ছায়াছবির গান, নতুন/ডেব্যু গান এবং ফিউশন। এ ক্ষেত্রে উল্লিখিত ক্যাটাগরিগুলোতে প্রাপ্ত ভোটের ভিত্তিতে বিজয়ী নির্বাচিত হবে।