সাভারে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শাহ আলম (৬৫) নামে এক নৈশপ্রহরিকে আটক করা হয়েছে। স্থানীয়রা তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। গতকাল সোমবার সকাল ১১ টার দিকে সাভার পৌর এলাকার গেন্ডা পুকুরপাড় মহল্লায় এ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্ত শাহ আলম গাইবান্ধা সদর থানার রাধা কৃষ্ণপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। সে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার আইয়ুব আলীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি মার্কেটে নৈশ প্রহরির কাজ করতো।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নৈশপ্রহরি শাহ আলমকে আটক করা হয়েছে। এছাড়া ভুক্তভোগী ওই কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর পাশাপাশি ধর্ষণের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।